চূড়ান্ত অনুমোদনের জন্য কাল মন্ত্রিপরিষদে উঠছে শিল্পনীতি
বহুল প্রতীক্ষিত শিল্পনীতি-২০১০ আগামীকাল সোমবার মন্ত্রিপরিষদের বৈঠকে উঠতে যাচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠেয় এ বৈঠকে পাঁচ বছরের জন্য প্রস্তাবিত শিল্পনীতিটি অনুমোদন হতে পারে। মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। শিল্পনীতিতে আগামী ২০১৩ সালের মধ্যে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার আট শতাংশ এবং ২০১৭ সালে তা ১০ শতাংশে উন্নীত করে ২০২১ সালের মধ্যে দেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে। যেসব শিল্প জাতীয় নিরাপত্তার স্বার্থে সংরক্ষিত রাখা প্রয়োজন এবং যেসব শিল্প স্পর্শকাতর ও সংবেদনশীল, সেসব শিল্পকে সংরক্ষিত শিল্প হিসেবে শিল্পনীতিতে চিহ্নিত করা হয়েছে। সরকারি-বেসরকারি অংশীদারি (পিপিপি), বিশেষ অর্থনৈতিক অঞ্চল, রাষ্ট্রায়ত্ত শিল্প সংস্কার, শিল্পপার্ক, হাইটেক পার্ক, বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠা, শিল্পায়নে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ ও বিকাশ, ক্ষুদ্র, মাঝারি, মাইক্রো ও কুটির শিল্পের উন্নয়ন, বিদেশি বিনিয়োগ, রপ্তানিমুখী ও রপ্তানি সংযোগ শিল্প এবং পুঁজিবাজারের উন্নয়ন এবারের শিল্পনীতির অন্যতম বৈশিষ্ট্য। খসড়ায় বলা হয়েছে, উদ্দীপ্ত ও গতিশীল ব্যক্তিখাত হবে শিল্প খাতের অন্যতম নিয়ামক। বেসরকারি খাতের দক্ষতা ও গতিশীলতা বজায় রাখার লক্ষ্যে সরকার সহায়ক এবং তদারকিমূলক ভূমিকা পালন করবে। তবে অব্যাহত অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম বৈশিষ্ট্য হবে পিপিপি।গত তত্ত্বাবধায়ক সরকারের সময় শিল্পনীতির খসড়াটি তৈরি করা হলেও বর্তমান সরকারের গত দেড় বছর ধরেই এটির ঘষামাজা ও সংযোজন-বিয়োজন চলছে। ইতিমধ্যে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে অনুমোদিত হয়েছে এই শিল্পনীতির খসড়া। শিল্পনীতিতে বলা হয়েছে, অবকাঠামো উন্নয়নের সব প্রচেষ্টায় ব্যক্তিখাতের অংশগ্রহণ এবং শক্তি খাতে পিপিপিকে সক্রিয়ভাবে উৎসাহিত করা হবে। প্রাধিকারমূলক দৃষ্টি দেওয়া হবে বিদ্যুৎ, গ্যাস, বন্দর সুবিধা, সড়ক ও রেলপথ পরিবহন, টেলিযোগাযোগ ইত্যাদিসহ অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোর প্রয়োজনের প্রতি। খসড়ায় বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত শিল্পের ব্যবস্থাপনা উন্নয়নের জন্য সরকার সর্বাত্মক প্রচেষ্টা চালাবে এবং এগুলোর জন্য শিল্প খাতের প্রতিযোগিতামূলক ক্ষমতা সৃষ্টি করা হবে। সে জন্য প্রযুক্তি বা ব্যবস্থাপনা উন্নয়নে দেশি, বিদেশি বা বিনিয়োগকারীদের কাছ থেকে নেওয়া হবে চুক্তিভিত্তিক সহযোগিতা।এ ছাড়া রাষ্ট্রায়ত্ত শিল্পকে ব্যক্তি খাতের পরিপূরক ও প্রতিযোগী হিসেবে উপস্থিত করা হবে। বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক কাঠামো সম্পূর্ণ সরকারি থেকে ক্রমান্বয়ে প্রাধিকার দেওয়া হবে পিপিপির দিকে। নির্দিষ্ট সময়ে একটি প্রকল্প থেকে যুক্তিসংগত মুনাফা লাভে সহায়তা করতে সরকারি খাত ব্যক্তি খাতের একজন বিনিয়োগকারী ডেভেলপারকে বিশেষ ধরনের সাহায্য দেবে।পুঁজিবাজার নিয়ে বলা হয়েছে, কেন্দ্রীয় ডিপোজিটরি ব্যবস্থাকে শক্তিশালীকরণ, বন্ড বাজারের উন্নয়ন, সরকারি প্রতিষ্ঠানের শেয়ার ছাড়া, পুঁজিবাজারে নতুন নতুন পদ্ধতি ও উপায় প্রবর্তন এবং বড় আকারের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নিরাপত্তা বিধান করা হবে। দেশের পুঁজিবাজারের উন্নয়ন অবস্থা পর্যালোচনা করার উদ্দেশ্যে এসইসি, আর্থিক প্রতিষ্ঠান ও প্রধান প্রধান বাণিজ্য সংগঠনের নির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে গঠন করা হবে একটি বিশেষজ্ঞ কমিটি। যেসব রুগ্ণ শিল্প পুনরায় চালু করার সুযোগ বা সম্ভাবনা নেই, সেগুলো শনাক্ত করার কথা বলা হয়েছে শিল্পনীতির খসড়ায়। গত ১৫ বছর ধরে যে শিল্প রুগ্ণ অবস্থায় রয়েছে, সেগুলোকে শিল্পখাত থেকে বের হয়ে যাওয়ারও সুযোগ করে দেওয়া হবে। দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ উৎসাহিত করার পাশাপাশি সম্পদভিত্তিক রপ্তানি ও শিল্প থেকে প্রক্রিয়াভিত্তিক রপ্তানি ও শিল্পে সম্পূর্ণ উত্তরণ ঘটানো এবং বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউটিও) ও আঞ্চলিক সহযোগিতা চুক্তির আলোকে দেশের শিল্প খাতকে আঞ্চলিক ও আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করার কথা বলা হয়েছে। আবারও লাভজনকভাবে চালু করার প্রচেষ্টা নেওয়া হবে সরকারি পাটকলগুলোর। অর্থনৈতিক অঞ্চল, শিল্পপার্ক, হাইটেক পার্ক ও বেসরকারি ইপিজেড প্রতিষ্ঠার প্রধান উদ্দেশ্য হবে দক্ষ শ্রমশক্তি, জমি, অবকাঠামো, শক্তি ও অন্যান্য সম্পদের দক্ষ ব্যবহার বাড়ানো এবং স্থানীয় শিল্পের সঙ্গে পশ্চাদসংযোগ, সমান্তরাল ও ফরওয়ার্ড লিংকেজকে সহায়তা করা। বিশেষায়িত অঞ্চলে পর্যাপ্ত শ্রমিক প্রশিক্ষণের সুযোগ থাকবে। এ ছাড়া দূষণপ্রবণ উৎপাদনশীল প্রতিষ্ঠানগুলোর মেট্রোপলিটন এলাকা থেকে অন্য জায়গায় স্থানান্তরের ক্ষেত্রে কোনো প্রকার বাধা সৃষ্টি হবে না। অর্থনৈতিক অঞ্চলে শিল্প স্থাপনের জন্য যেসব জমি নির্বাচিত করা হবে, সেগুলো হবে অনুৎপাদনশীল ও অনুর্বর জমি। এ কাজে উর্বর কৃষি জমি ব্যবহার করতে দেওয়া হবে না । যোগাযোগ করলে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রথম আলোকে বলেছেন, ‘জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় ২০২১ সালের মধ্যে মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্য নিয়ে শিল্পনীতিটি করা হচ্ছে। এতে ব্যক্তি খাত, পিপিপি, বিদেশি বিনিয়োগ ইত্যাদিকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে দেশীয় শিল্পের স্বার্থ বিকিয়ে দিয়ে নয়।’ কাল মন্ত্রিপরিষদের বৈঠকে প্রস্তাবিত শিল্পনীতিটি অনুমোদন পাবে বলে আশা প্রকাশ করেন দিলীপ বড়ুয়া।