চূড়ান্ত লাইসেন্স পাচ্ছে মেঘনা এসইজেড
দেশের প্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) হিসেবে লাইসেন্স পেতে যাচ্ছে মেঘনা অর্থনৈতিক অঞ্চল। প্রাক-যোগ্যতা সনদের পর শর্ত পূরণ করায় আজ মঙ্গলবার তাদের লাইসেন্স দেবে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।
সরকারি এক প্রজ্ঞাপনে গত বৃহস্পতিবার মেঘনা অর্থনৈতিক অঞ্চলকে বেসরকারি এসইজেড হিসেবে ঘোষণা করা হয়। এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা নদীর তীরে চর রমজান, সোনাউল্লাহ, মেঘনাঘাট, সোনারগাঁও, নারায়ণগঞ্জ মৌজায় প্রায় ৬৮ একর জমিতে স্থাপন করা হচ্ছে।
জানা গেছে, প্রায় এক বছর আগে মেঘনা অর্থনৈতিক অঞ্চলকে প্রাক-যোগ্যতা লাইসেন্স দেওয়া হয়েছিল। এরপর তারা পরিবেশ ছাড়পত্র পেয়েছে ও মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। এ ছাড়া এসইজেড এলাকায় সীমানাপ্রাচীর নির্মাণ ও মাটি ভরাটের কাজ শেষ করেছে তারা।
এই এসইজেডে মেঘনা গ্রুপ কাগজের মিল, ভোজ্যতেল পরিশোধন কারখানা তৈরির কাজ করছে। এখানে এক বছরে প্রায় ৩ হাজার ও আগামী ৫ বছরে ৩০ হাজার লোকের কর্মসংস্থান হবে বলে বেজাকে জানিয়েছে তারা।
বেজা এখন পর্যন্ত ১০টি বেসরকারি অর্থনৈতিক অঞ্চল স্থাপনের প্রাক-যোগ্যতা সনদ দিয়েছে।