চূড়ান্ত হিসাবে প্রবৃদ্ধি কিছুটা বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৫ সালের প্রথমার্ধে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও সার্বিকভাবে ২০১৪-১৫ অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি আরও বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) চূড়ান্ত হিসাবে আলোচ্য অর্থবছরে ৬ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের বাজেট ঘোষণার সময় বিবিএসের সাময়িক হিসাবে এই হার ছিল ৬ দশমিক ৫১ শতাংশ, যা চূড়ান্ত হিসাবে এখন কিছুটা বাড়ল।
গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের প্রবৃদ্ধির নতুন এই হিসাব দেন।
২০১৪-১৫ অর্থবছরের অর্জিত জিডিপি প্রবৃদ্ধির হার দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে ২০১০-১১ অর্থবছরে সর্বোচ্চ ৬ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। এদিকে চলতি অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি বাজেটের প্রাক্কলন অনুযায়ী ৭ শতাংশ হবে বলে সরকারের বিভিন্ন মহল থেকে পূর্বাভাস দেওয়া হচ্ছে।
এ বিষয়ে আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, রাজনৈতিক অস্থিরতা তথা হরতাল-অবরোধের কারণে অর্থনীতি কিছুটা শ্লথ হলেও পরে তা পুনরুদ্ধার হয়েছে। কোনো কারখানা এক দিনের জন্যও বন্ধ থাকেনি। হয়তো পণ্য পরিবহনে বেশি খরচ হয়েছে, তবু উদ্যোক্তারা উৎপাদন অব্যাহত রেখেছেন।
বিবিএসের জিডিপি গণনার হিসাবে হরতাল-অবরোধের প্রভাব নির্ণয়ের সুযোগ নেই। কেননা, ২০০৯ সালের ‘বেসরকারি খাতে বাণিজ্যিক যান্ত্রিক যানবাহন সমীক্ষা’কে ভিত্তি ধরে কয়েক বছর ধরে পরিবহন খাতের জিডিপি গণনা করা হয়। অনেক হরতাল-অবরোধের পরও সড়ক এবং রেল পরিবহনে আগের বছরের চেয়ে গত অর্থবছরে ৩ হাজার ৩৩৮ কোটি টাকা বেশি মূল্য সংযোজন হয়েছে। ফলে গত অর্থবছরে এ খাত থেকে মোট মূল্য সংযোজনের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ৩১৮ কোটি টাকা।
প্রতিবছর বাজেট ঘোষণার সময় বিদায়ী অর্থবছরের জিডিপি প্রবৃদ্ধি কত হবে, এর একটি সাময়িক হিসাব দেয় বিবিএস। অর্থবছরের তিন প্রান্তিকের তথ্য-উপাত্ত ধরে পুরো অর্থবছরের সাময়িক হিসাব প্রাক্কলন করে বিবিএস। অর্থবছর শেষ হওয়ার কয়েক মাস পরে পুরো হিসাব নিয়ে প্রবৃদ্ধির চূড়ান্ত হিসাব করে থাকে সরকারি সংস্থাটি।
গত অর্থবছরের চূড়ান্ত হিসাবে স্থিরমূল্যে জিডিপির আকার দাঁড়িয়েছে ৮ লাখ ২৪ হাজার ৮৬২ কোটি টাকা। এর মধ্যে সেবা খাত থেকে এসেছে ৫১ দশমিক ৪১ শতাংশ। টাকার অঙ্কে এর পরিমাণ ৪ লাখ ২৪ হাজার ৮৮ কোটি। শিল্প খাত থেকে এসেছে ২৯ দশমিক ১৯ শতাংশ বা ২ লাখ ৪০ হাজার ৭৯৯ কোটি টাকা। আর কৃষি খাত থেকে এসেছে ১ লাখ ২৬ হাজার ৬৪৯ কোটি টাকা।
বর্তমান আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে দেশে প্রতি অর্থবছরেই ৬ শতাংশের বেশি জিডিপি প্রবৃদ্ধি হয়েছে। গত ছয় অর্থবছর ধরেই প্রবৃদ্ধির এই ধারাবাহিকতা লক্ষ করা গেছে। ২০০৮-০৯ অর্থবছরে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক শূন্য ৭ শতাংশ। এরপরের বছরই সর্বোচ্চ ৬ দশমিক ৭১ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। পরবর্তী তিন অর্থবছরে আবার যথাক্রমে ৬ দশমিক ৫২ শতাংশ, ৬ দশমিক শূন্য ১ শতাংশ এবং ৬ দশমিক শূন্য ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল।