দেশের ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নির্বাচন ১৯ জুন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন গতকাল শনিবার চেম্বার গ্রুপের প্রার্থীদের একটি পরিচিতি সভার আয়োজন করে।রাজধানীর স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান সাংসদ মো. আলী আশরাফ। অনুষ্ঠানে নির্বাচনী বোর্ডের সদস্য প্রবীর কুমার সাহা ও আবু বক্কর সিদ্দিক উপস্থিত ছিলেন।নির্বাচনে চেম্বার গ্রুপ থেকে ১৪ জন পরিচালক পদে সরাসরি ভোটের জন্য চূড়ান্ত প্রার্থী তালিকায় ২০ জনের নাম ছিল। কিন্তু উচ্চ আদালত ঋণখেলাপের দায়ে দেওয়ান সুলতান আহমেদ ও মাসুদ পারভেজ খানের প্রার্থিতা বাতিল করেছেন। এর ফলে নির্বাচনে ১৮ জন প্রার্থী সরাসরি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবেন।নির্বাচন বোর্ড সূত্রে জানা গেছে, প্রার্থী পরিচিতি অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য প্রত্যেক প্রার্থীকে ১০ হাজার টাকা ফি নির্ধারণ করা হয়। কিন্তু সভাপতি প্রার্থী এ কে আজাদের নেতৃত্বাধীন প্যানেলের ১৪ জন ছাড়া অন্য প্রার্থীরা নির্ধারিত ফি দেননি। অনুষ্ঠানে প্রত্যেক প্রার্থীর জন্য ১০ মিনিট বক্তৃতা দেওয়ার সুযোগ দেওয়া হয়।এ কে আজাদ সমর্থিত প্যানেলে চেম্বার গ্রুপের পরিচালক প্রার্থীরা হলেন মো. মমতাজউদ্দিন, মো. জাহাঙ্গীর আকন্দ সেলিম, মনোয়ারা হাকিম আলী, আহমেদ জামাল, মো. রেজাউল করিম, আবদুস শহীদ, মো. জালালউদ্দীন আহমেদ, মো. শামসুল হক, মোস্তফা আজাদ চৌধুরী, নুরুল হুদা, মো. সিরাজুল হক, মো. নাগিবুল ইসলাম, মো. গোলাম মোস্তফা তালুকদার ও মো. নজিবুর রহমান।অন্যদিকে উচ্চ আদালত আরেক আদেশে অ্যাসোসিয়েশন গ্রুপের আবু আলম চৌধুরীর নেতৃত্বাধীন প্যানেল থেকে চারজনের প্রার্থিতা বাতিল করে দিয়েছেন। তাঁদের ঋণখেলাপের দায়ে প্রার্থিতা বাতিল হয়েছে। বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছেন প্যানেল নেতা আবু আলম চৌধুরী, এস এ কাদের কিরণ, কে এম আর মনজুর ও মো. জালালউদ্দিন। এ ছাড়া পরপর তিনবার পরিচালক নির্বাচিত হওয়ায় আবুল কাশেম আহমেদ, মো. বজলুর রহমান ও মো. শামসুল আলমের প্রার্থিতা বাতিল করে এফবিসিসিআইয়ের সালিসি বোর্ড। উচ্চ আদালত এফবিসিসিআইয়ের সালিসি বোর্ডের আদেশ বহাল রাখায় এসব প্রার্থী আর নির্বাচন করতে পারবেন না।