চেম্বারে ও চেম্বার নেতার বাসায়-প্রতিষ্ঠানে হামলার নিন্দা এফবিসিসিআইয়ের
বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) পরিচালক ও বগুড়া চেম্বারের সভাপতি মমতাজ উদ্দিনের ব্যবসাপ্রতিষ্ঠান ও বগুড়ার বাসায় গতকাল রোববার সন্ত্রাসীরা হামলা ও অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে এফবিসিসিআই।এই হামলাকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে এফবিসিসিআই বলেছে, একজন ব্যবসায়ীর ওপর এমন নগ্ন হামলা ও প্রাণনাশের চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।মমতাজ উদ্দিন বিভিন্ন মেয়াদে এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হন।রাজশাহী চেম্বার: এদিকে হরতাল চলাকালে গতকাল সন্ত্রাসী হামলায় রাজশাহী চেম্বার ভবনে ব্যাপক ভাঙচুর ও ক্ষয়ক্ষতি হয়েছে। এফবিসিসিআই এ ঘটনায়ও নিন্দা ও উৎকণ্ঠা প্রকাশ করছে।এফবিসিসিআই বলেছে, এ ধরনের সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন এমন ঘটনার পুনরাবৃত্তি না হয়, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।