চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে
আমানতকারী ও শেয়ারহোল্ডারদের স্বার্থে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের চেয়ারম্যান ফরাছত আলী ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবর রহমানের বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের ব্যবস্থা নিতে বাধা নেই।
প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগ গত বুধবার হাইকোর্টের আদেশের বিরুদ্ধে ব্যাংকটির সাবেক এক পরিচালকের করা আবেদন নিষ্পত্তি করে দিয়েছেন। একই সঙ্গে যে প্রতিবেদনের ভিত্তিতে ওই দুজনকে নোটিশ দেওয়া হয়েছিল তারঅনুলিপি ব্যাংকটির কাছে তিন দিনের মধ্যে পাঠাতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে গত ২০ মার্চ চেয়ারম্যান ও এমডিকে কারণ দর্শাতে পৃথক নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরিপ্রেক্ষিতে ওই দুই ব্যক্তি হাইকোর্টে রিট আবেদন করেন। এর ওপর প্রাথমিক শুনানি নিয়ে ২৮ মার্চ হাইকোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেন। এর বিরুদ্ধে ব্যাংকটির উদ্যোক্তা ও সাবেক পরিচালক এ এম তুষার ইকবাল রহমান আপিল বিভাগে আবেদন (সিএমপি) করেন, যা বুধবার শুনানির জন্য ওঠে।
আদালতে চেয়ারম্যান ও এমডির পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও এ এম আমিন উদ্দিন। সাবেক পরিচালকের পক্ষে ছিলেন আইনজীবী শেখ ফজলে নূর তাপস ও আইনজীবী মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী।
পরে মেহেদী হাসান চৌধুরী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রিট (রুল) খারিজ করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক কারণ দর্শানোর জন্য যে নোটিশ দিয়েছিল, এটা বহাল রইল। ফলে ব্যাংকটির চেয়ারম্যান ও এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংকের আর কোনো বাধা থাকল না।
গত ২০ মার্চ ব্যাংকটির চেয়ারম্যান ও এমডির কাছে পাঠানো পৃথক নোটিশে বাংলাদেশ ব্যাংক জানায়, আমানতকারীদের স্বার্থে ও জনস্বার্থে এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক চালাতে ব্যর্থ হয়েছে ফরাছত আলীর নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদ। আর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেওয়ান মুজিবর রহমান ব্যর্থ হয়েছেন ব্যাংকটিতে যথাযথ ব্যবস্থাপনা নিশ্চিত করতে। এমনকি তাঁরা গুরুতর প্রতারণা ও জালিয়াতি করেছেন, যা ফৌজদারি আইন অনুযায়ী দণ্ডনীয়।
ব্যাংকের এমডিকে এসব কথা জানিয়ে ব্যাংক কোম্পানি আইনের ৪৬ ধারা অনুযায়ী কারণ দর্শানোর নোটিশ দেয় বাংলাদেশ ব্যাংক। ফরাছত আলীর বিরুদ্ধে কেন আইনি ব্যবস্থা নেওয়া হবে না এবং দেওয়ান মুজিবর রহমানকে কেন অপসারণ করা হবে না, নোটিশে তা জানতে চাওয়া হয়। ১০ দিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়। ব্যাংকটির চেয়ারম্যান ও এমডি এর বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন। গত ২৮ মার্চ হাইকোর্ট এক আদেশে চেয়ারম্যান ও এমডির কাজে বিঘ্ন ঘটানো যাবে না বলে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেন। গত বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে পূর্ণ বেঞ্চ এ রিট বাতিল করে দেন।