চোরাই পথে ভারতীয় চা-পাতা আসা বন্ধ করতে হবে: পরিবেশমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাাহাব উদ্দিন। ছবি: প্রথম আলো
মৌলভীবাজারের কমলগঞ্জে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাাহাব উদ্দিন। ছবি: প্রথম আলো

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাাহাব উদ্দিন বলেন, চোরাই পথে ভারত থেকে চা-পাতা আসা বন্ধ করতে হবে। এর পাশাপাশি চা-বাগানে মদের পাট্টা বন্ধ করতে হবে। ভারতীয় পা-পাতা আসা বন্ধে বিজিবিসহ সংশ্লিষ্টদের সদা জাগ্রত থাকতে হবে।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী মো. শাাহাব উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর চা-বাগানে আজ রোববার বিকেলে এ সভা হয়।

পরিবেশমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান না থাকলে চা-শ্রমিকদের ভোটাধিকার হতো না। তাই জননেত্রী শেখ হাসিনা চা-বাগানের শ্রমিকদের কথা সব সময় চিন্তা করেন। শ্রমিকদের জীবনমান উন্নয়নের এবং চা-শ্রমিকদের সব দাবির সঙ্গে একমত পোষণ করেন প্রধানমন্ত্রী।

আজ দুপুর থেকে সিলেট বিভাগের বিভিন্ন চা-বাগান থেকে দলবদ্ধভাবে চা-শ্রমিকেরা এসে আলীনগর চা-বাগান নাটমন্দিরে জড়ো হতে থাকেন। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাখন লাল কর্মকার সভায় সভাপতিত্ব করেন। সভায় চা-শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও মজুরি নিয়ে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রাম ভজন কৈরী।

সভায় পরিবেশমন্ত্রী বলেন, একই জমিতে ১২ বছর বসবাস করলে ভূমির মালিকানা আইনগতভাবে নির্ধারিত হয়ে যায়। সুতরাং চা-শ্রমিক ও ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠীকে কোনো স্বার্থান্বেষী মহল জোর করে উচ্ছেদ করতে পারবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত সজাগ।

সজল কৈরী ও মিনা রবিদাসের যৌথ সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার-৪ আসনের সাংসদ এম এ শহীদ, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুর রহমান, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশেকুল হক, শ্রম অধিদপ্তরের শ্রীমঙ্গল শাখার উপপরিচালক নাহিদুল ইসলাম, আন্তর্জাতিক শ্রম সংস্থার সমন্বয়কারী অ্যালেক্সসিউস চিছাম, কমলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বাংলাদেশ চা সংসদের সভাপতি এম শাহ আলম, টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রেজা চৌধুরী প্রমুখ।