চ্যানেল আইয়ের ‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম ইন বিজনেস’
ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে নতুন নেতৃত্ব তৈরির লক্ষ্যে চ্যানেল আইতে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস ২০১২-১৩’। অনুষ্ঠানটি নির্মিত হচ্ছে চ্যানেল আই ও যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য ফিউচার লিডার্স লিমিটেডের যৌথ আয়োজনে। সারা দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন এবং ব্যবস্থাপনা বিভাগের স্নাতকোত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে শুরু হবে বিজনেস লিডারশিপ এবং এন্টারপ্রেনরশিপ-সংক্রান্ত শিক্ষামূলক এই প্রতিযোগিতা। মে মাসজুড়ে দেশের সাতটি বিভাগের সব বিশ্ববিদ্যালয়ে দ্য ফিউচার লিডার্স লিমিটেডের একটি দল রিয়েলিটি শোর জন্য প্রাথমিকভাবে মেধাবীদের নির্বাচন করবে। তাঁদের নিয়েই জুন মাসে শুরু হবে ‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস’ রিয়েলিটি শোর সম্প্রচার।‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস’ অনুষ্ঠানটি উপলক্ষে আজ শনিবার দুপুরে ঢাকার গুলশানের হোটেল দ্য ওয়েস্টিনে সংবাদ সম্মেলন ও লোগো উন্মোচন এবং বিচারকদের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠানের আয়োজন করা হয়। ‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস’ প্রতিযোগিতায় প্রধান বিচারকের দায়িত্বে আছেন ইনসেপটা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুক্তাদির। তাঁর সঙ্গে থাকবেন তাসলিম আহমেদ ও তাহনিয়াত আহমেদ করিম। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল মুক্তাদির, দ্য ফিউচার লিডার্স লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাজির আলম। ফরিদুর রেজা সাগর তাঁর বক্তব্যে বলেন, ‘চ্যানেল আই শুরু থেকে অনেক ধরনের রিয়েলিটি শো করেছে। কিন্তু এটি একেবারে ব্যতিক্রম।’প্রতিযোগিতার প্রধান বিচারক আবদুল মুক্তাদির বলেন, ‘এটা অবশ্যই অনেক ভালো একটি উদ্যোগ। প্রতিবছর এ অনুষ্ঠানের মাধ্যমে ১৫-১৬ জন মেধাবী শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বিদেশে পাঠানো হবে। শিক্ষাজীবন শেষ করে দেশে ফিরে এসে তাঁরা দেশের ব্যবসার উন্নয়নের হাল ধরবে।’ নাজির আলম বলেন, ‘বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের ধরন ও ধারণা বিশ্বের অনেক দেশের কাছেই এ মুহূর্তে অনুসরণীয়। কিন্তু বহির্বিশ্বের ব্যবসা-বাণিজ্যের ধরন ও ধারণা একটি পরিকল্পিত প্রক্রিয়ার মাধ্যমে আমাদের দেশের নতুন প্রজন্মকে আরও ভালোভাবে প্রস্তুত করে দেবার জন্যই এই প্রয়াস।’ সংবাদ সম্মেলন শেষে রিয়েলিটি শো অনুষ্ঠানের লোগো উন্মোচন করা হয়। এতে উপস্থিত ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহ উদ্দিন আহমেদ, কৃষি ব্যাংকের সাবেক চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, এফবিসিসিআইয়ের ভাইস প্রেসিডেন্ট হেলাল উদ্দিন, বারভিডার প্রেসিডেন্ট হাবিবুল্লাহ ডন প্রমুখ।চ্যানেল আইয়ের জন্য নির্মিতব্য রিয়েলিটি শো ‘দ্য ফিউচার লিডার্স প্রোগ্রাম (এফএলপি) ইন বিজনেস’ অনুষ্ঠানটি নির্মাণের সঙ্গে যুক্ত আছেন ফারজানা ব্রাউনিয়া, আ কা রেজা গালিব, ইফতেখার মুনিম ও অপু মাহফুজ।