চ্যালেঞ্জ চারটি মোকাবিলায় নীতিমালার ঘাটতি আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ মনে করে, প্রস্তাবিত বাজেটে নতুন অর্থবছরের চারটি সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার ক্ষেত্রে সুস্পষ্ট নীতিমালার ঘাটতি রয়েছে। যেমন প্রকৃত মজুরি হ্রাসের ফলে সৃষ্ট ক্রয়ক্ষমতার ওপর চাপ, প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতা, প্রকৃত খাতসমূহের প্রবৃদ্ধির মন্থরগতি এবং সামাজিক খাতে ব্যয় হ্রাসের সংকট।

উন্নয়ন অন্বেষণ আরও বলেছে, দরিদ্র জনগণের ক্রয়ক্ষমতা হ্রাস, কর্মহীনতা বৃদ্ধি, সামাজিক খাতে ব্যয় হ্রাসসহ কাঠামোগত যেসব ত্রুটি প্রতিষ্ঠানগুলোকে ভঙ্গুর করে তুলছে, তা নিরসনে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

সংস্থাটির মতে, সেবা খাতে দক্ষতার ঘাটতি একটি বড় সংকট। প্রবাসী আয় হ্রাস উদ্বেগের বড় কারণ। গত দুই দশকের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধির হার বর্তমানে সবচেয়ে কম। বাংলাদেশে যুবক বেকারত্বের হার দক্ষিণ এশিয়া অঞ্চলের গড় হারের চেয়ে বেশি। দেশে তরুণদের একটি বড় অংশ বা ৪০ শতাংশের কোনো কাজ নেই, শিক্ষাÿ বা প্রশিক্ষণেও অংশগ্রহণ করছে না।

উন্নয়ন অন্বেষণ আরও বলছে, এনবিআর দ্বারা সংগৃহীত করের বিভিন্ন উৎস বিশ্লেষণ করলে দেখা যায়, ৮৫ হাজার ১৭৬ কোটি টাকা আয়কর এবং ৯১ হাজার ২৫৪ কোটি টাকা মূল্য সংযোজন কর থেকে সংগৃহীত হবে। অর্থাৎ ধনী ও উচ্চ আয়ের লোকদের চেয়ে দরিদ্র এবং স্বল্প আয়ের জনগণের ওপর করের বোঝার অভিঘাত বেশি পড়বে। বর্তমান করকাঠামো অপ্রগতিশীল, সংকীর্ণ ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। কর পরিহার ও কর ফাঁকি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। এতে বণ্টনমূলক ন্যায্যতার অভাব লক্ষণীয়। এতে আয়বৈষম্য বাড়াবে।

গবেষণা সংস্থাটি বলেছে, প্রস্তাবিত বাজেটে ১ লাখ ১২ হাজার ২৭৬ কোটি টাকার ঘাটতি অর্থায়নের কৌশল হিসেবে অভ্যন্তরীণ উৎস থেকে ৬০ হাজার ৩৫২ কোটি টাকা, বৈদেশিক ঋণ ৪৫ হাজার ৪২০ কোটি টাকা এবং অনুদান ৫ হাজার ৫০৪ কোটি টাকা সংগ্রহ করা হবে। এর প্রভাবে বিনিয়োগযোগ্য অর্থ হ্রাস পেতে পারে এবং সুদ পরিশোধের পরিমাণ বৃদ্ধি পেতে পারে। ফলে আর্থিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ হিসেবে আবির্ভূত হবে। আর যদি সরকার প্রস্তাবিত ৪০ হাজার ২৬৬ কোটি টাকার বাজেট সম্পূর্ণ বাস্তবায়ন করতে যায়, যদিও তার সম্ভাবনা কম, সরকারকে লক্ষ্যমাত্রারও বেশি ঋণ নিতে হবে। সামগ্রিকভাবে উন্নয়ন অন্বেষণ মনে করে, লক্ষ্যমাত্রা অনুযায়ী রাজস্ব আয় হওয়ার সম্ভাবনা একদিকে যেমন কম, অন্যদিকে বৈদেশিক উৎস থেকে প্রস্তাবিত ৫১ হাজার ৯২৪ কোটি টাকার ঋণ ও অনুদান সাহায্য পাওয়ার সম্ভাবনাও কম।

বাজেট মূল্যায়নে আরও বলা হয়েছে, আর্থিক খাতে বিশৃঙ্খলার ফলে উচ্চ ঋণখেলাপির কারণে সৃষ্ট মূলধন ঘাটতি ও ঝুঁকি অব্যবস্থাপনা ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক ভঙ্গুরতাকে তীব্রতর করছে।

বিশাল অনুন্নয়ন ব্যয় ও প্রকল্প ব্যয়ে অর্থের জোগান দিতে ভ্যাটের মতো পরোক্ষ করের ওপর নির্ভরতা বাড়ছে। ফলে মূল্যস্ফীতি বাড়িয়ে জীবনযাত্রার মানকে নিম্নমুখী করবে বলে আশঙ্কা উন্নয়ন অন্বেষণের। এ ছাড়া সামাজিক খাতে ব্যয়ের ক্ষেত্রে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ পিছিয়ে রয়েছে উল্লেখ করে গবেষণা প্রতিষ্ঠানটি বলেছে, স্বাস্থ্য, শিক্ষা এবং সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে অপর্যাপ্ত ব্যয় মানব উন্নয়ন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে। আবার কর্মসংস্থান সৃষ্টিতে অর্থনৈতিক প্রবৃদ্ধির ব্যর্থতার দিকে নির্দেশ করে সংস্থাটি বলছে, বর্তমানে বেকার জনসংখ্যা বেড়ে সরকারি হিসাবেই ২৬ লাখ হয়েছে। এ সংখ্যা গত দুই দশকে সর্বোচ্চ। মোট কর্মহীন মানুষের প্রায় ৬০ শতাংশ যুবক।