চ্যালেঞ্জের মুখে পড়বে বস্ত্র ও পোশাক খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানিমুখী খাতের উৎসে কর দেড় শতাংশ করায় বস্ত্র ও পোশাক খাত চ্যালেঞ্জের মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন (বিটিএমএ)। সংগঠনটি মনে করে, ১৫০ শতাংশ উৎসে কর বৃদ্ধির ফলে বিনিয়োগ বাধাগ্রস্ত হবে। সে জন্য তারা উৎসে কর যৌক্তিক পর্যায়ে নিয়ে আসতে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে অনুরোধ করেছে।
আগামী ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে এমন প্রতিক্রিয়াই জানিয়েছে বিটিএমএ। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও সংগঠনের সভাপতি তপন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গতকাল রোববার বাজেট বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানায় বস্ত্রকলমালিকদের এই সংগঠন।
বিটিএমএ বলছে, গত বছরের সেপ্টেম্বরে গ্যাসের দাম দ্বিগুণ করে সরকার। এতে করে গ্যাসচালিত ক্যাপটিভ জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনকারী বস্ত্র খাতের সুতা ও কাপড় তৈরির কারখানা তীব্র প্রতিযোগিতার মধ্যে পড়ে যায়। অন্যদিকে কয়েক বছর ধরে বস্ত্র খাতে মন্দাভাব চলছে। বিনিয়োগের তুলনায় পণ্যের যৌক্তিক মূল্য নেই।
সব মিলিয়ে বস্ত্র খাতের রপ্তানিমুখী সুতা ও কাপড় তৈরির কারখানাগুলো ৩ থেকে ৫ শতাংশ মুনাফা করছে। এই অবস্থায় আগামী অর্থবছরের বাজেটে উৎসে করহার দশমিক ৬০ শতাংশ থেকে বৃদ্ধি করে দেড় শতাংশ করা হয়েছে। শেষ পর্যন্ত এটি বহাল থাকলে কারখানাগুলোর আর্থিক কাঠামো দুর্বল হয়ে যাবে। পাশাপাশি পুঁজির বিকাশ সংকুচিত হওয়ার কারণে বিনিয়োগের সুযোগ থাকবে না। এর ফলে কর্মসংস্থানে ব্যাঘাত ঘটবে বলে মনে করছে বিটিএমএ।
প্রস্তাবিত বাজেটে বিনিয়োগ বৃদ্ধির জন্য অবকাঠামো উন্নয়ন, বিদ্যুৎ ও জ্বালানি সমস্যা সমাধানে কিছু পদক্ষেপ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে অভিনন্দন জানায় বিটিএমএ। বস্ত্র খাতের কাঁচামাল ফ্লাক্স ফাইবার ও স্পানডেক্সের আমদানি শুল্ক হ্রাস করায় পণ্যের বহুমুখীকরণ হবে বলে মনে করে সংগঠনটি। এ ছাড়া বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়া, রপ্তানি খাতের জন্য প্রণোদনা অব্যাহত রাখা, গ্রে কাপড় ডায়িং-প্রিন্টিং-ফিনিশিং খাতকে মূসক অব্যাহতি এবং ন্যূনতম কর দেওয়ার বিধান প্রত্যাহার করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ টেক্সটাইল মিলস্ অ্যাসোসিয়েশন।
এদিকে প্রাক্-বাজেট আলোচনায় স্থানীয় ঋণপত্রের মাধ্যমে সরবরাহকৃত বিল পরিশোধে ৩ শতাংশ উৎসে কর দেওয়ার বিষয়টি বাতিল করার দাবি করেছিল বিটিএমএ। প্রস্তাবিত বাজেটে এ বিষয়ের কোনো পরিবর্তন হয়নি। সংগঠনটির বক্তব্য, বস্ত্র খাতের কারখানাগুলোকে স্থানীয়ভাবে কাঁচামালসহ অন্য সামগ্রী কিনতে কোটি কোটি টাকা ব্যয় করতে হয়। এখানে যদি ৩ শতাংশ উৎসে কর দিতে হয়, তাহলে কারখানার চলতি মূলধন সংকুচিত হতে থাকে। তাই স্থানীয় ঋণপত্রের মাধ্যমে পণ্য ক্রয়ে ৩ শতাংশ উৎসে কর কর্তনের বিধানটি প্রত্যাহার করা দরকার।