কলমানি মুদ্রাবাজারের অস্থিরতায় বাংলাদেশ ব্যাংক অসন্তুষ্ট
চড়া সুদে ঋণের জন্য ব্যাংকগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
মুদ্রাবাজারে অস্থিরতা ও উচ্চ সুদে অর্থ ধার (কলমানি) করা নিয়ে বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান নিয়েছে। কেন্দ্রীয় ব্যাংক মনে করে, ২০ বছর ধরে ব্যাংক খাতে যে শৃঙ্খলা আনা হয়েছে, মুদ্রাবাজারে সাম্প্রতিক অস্থিরতা তাকে অনেকখানি ম্লান করে দিয়েছে। এ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংক উচ্চ সুদে কলমানি নেওয়া ও টাকা খাটানো ব্যাংকগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা সাফ জানিয়ে দিয়েছে।বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নজরুল হুদা গতকাল বুধবার দুটি ব্যাংকের শীর্ষ নির্বাহীসহ তহবিল ব্যবস্থাপকদের তলব করে এনে কেন্দ্রীয় ব্যাংকের মনোভাব জানিয়েছেন বলে বিশ্বস্ত সূত্রে নিশ্চিত হওয়া গেছে। আজ বৃহস্পতিবারও কয়েকটি ব্যাংককে তলব করা হবে।এ বিষয়ে জানতে চাইলে নজরুল হুদা প্রথম আলোকে বলেন, ‘মুক্তবাজার বিবেচনাতে বাংলাদেশ ব্যাংক দেশের ব্যাংকগুলোর হাতে অনেক কিছুই ছেড়ে দিয়েছিল। ধারণা ছিল, স্বকীয়ভাবে ব্যাংকগুলো তাদের দায়িত্বশীল আচরণ করবে। কিন্তু পরিস্থিতির কারণে বোঝা যায়, তাদের তহবিল ব্যবস্থাপনায় ত্রুটি আছে।’ নজরুল হুদা বলেন, ব্যাংক খাতে শৃঙ্খলা রাখতে বাংলাদেশ ব্যাংক সব ধরনের ব্যবস্থা নিতে বদ্ধপরিকর।একই বিষয়ে ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান ও সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কে মাহমুদ সাত্তারের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি এ প্রতিবেদককে বলেন, ‘স্পষ্টই বোঝা যায়, বাংলাদেশ ব্যাংক কঠোর অবস্থান নিয়েছে।’ তবে তিনি বলেন, ‘ইতিমধ্যেই মুদ্রাবাজারে অস্থিরতা অনেকটা প্রশমিত হয়ে এসেছে। আশা করি, আগামী দিনগুলোতে কলমানির সুদের হার আরও সহনীয় পর্যায়ে নেমে আসবে।’উল্লেখ্য, বাংলাদেশ ব্যাংক দেশের সার্বিক মূল্যস্ফীতির উচ্চ প্রবণতা যাতে অধিক মুদ্রা সরবরাহের কারণে আরও উসকে না যায়, সে জন্য গত ১৫ ডিসেম্বর থেকে ব্যাংকগুলোর আমানতের নিরাপত্তা সঞ্চিতি হিসেবে বিধিবদ্ধ জমার (স্টেটিউটরি লিক্যুইডিটি রেশিও বা এসএলআর) নগদ অংশ (সিআরআর বা ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট) দশমিক ৫ শতাংশীয় পয়েন্ট বাড়ায়। এটি সমন্বয়ে ব্যাংকগুলোকে ১৫ দিন সময়ও দেয়। উপরন্তু মুদ্রা সরবরাহের জোগান টেনে ধরার প্রাক-প্রস্তুতি হিসেবে রেপো ও রিভার্স রেপোর সুদের হার চার মাস আগে বাড়ায়। তার পরও গত সপ্তাহে অর্থাৎ ১৫ ডিসেম্বরের আগে-পরে মুদ্রাবাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়। গত বৃহস্পতিবার কলমানির সুদের হার ১৯০ শতাংশ পর্যন্ত উঠে যায়, যা শুধু দেশের ইতিহাসে কেবল নয়, বিশ্ব রেকর্ডগুলোর মধ্যেও ঢুকে পড়ে।সূত্র জানায়, এ পরিস্থিতিতে বাংলাদেশ ব্যাংক গতকাল তিনটি ব্যাংকের শীর্ষ নির্বাহীদের জরুরি বৈঠকে তলব করে। ব্যাংকগুলো হলো: এবি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক ও সিটি ব্যাংক। তবে ইস্টার্ন ব্যাংকের শীর্ষ নির্বাহী অন্য গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকায় তাঁর পক্ষে ডিএমডি গিয়েছিলেন। কিন্তু বাংলাদেশ ব্যাংক শীর্ষ নির্বাহীকে নিয়ে আজ বৃহস্পতিবার বৈঠক করবে বলে জানিয়ে দেয়।সূত্র জানায়, এবি ব্যাংক কয়েক দিন ধরেই মুদ্রাবাজার থেকে সর্বোচ্চ সুদে অর্থ ধার করেছে। তাদের অর্থ ধারের পরিমাণও বেশি। জানা গেছে, এবি ব্যাংক এক দিনে কলমানি নিয়েছে এক হাজার কোটি টাকা। ব্যাংকটির পক্ষ থেকে এর ব্যাখ্যা হিসেবে বলা হয়, শেয়ারবাজারে সীমা অতিরিক্ত বিনিয়োগ তারা নামিয়ে আনতে পেরেছে। আরেক বৈঠকে সিটি ব্যাংককে অভিযুক্ত করা হয় মুদ্রাবাজার থেকে ঋণ নিয়ে আবার টাকা খাটানোর বিষয়ে। সূত্রগুলো বলছে, কেন্দ্রীয় ব্যাংক সাফ জানিয়ে দিয়েছে তারা কেবল যেসব ব্যাংক উচ্চ সুদে ঋণ নিয়েছে, তাদের শুধু নয়, এত উচ্চ সুদে ঋণ দেওয়া ব্যাংকগুলোকে চিহ্নিত করেছে। সবার বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। সূত্র বলছে, বাংলাদেশ ব্যাংক মুদ্রাবাজারে উচ্চ সুদে ঋণ দেওয়া ও নেওয়া ব্যাংকগুলোর ক্যামেলস রেটিং কমিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছে। একই সঙ্গে প্রয়োজনে ব্যাংকগুলোকে আগাম সতর্ক ব্যবস্থার (আর্লি ওয়ার্নিং সিস্টেম) মধ্যে নেওয়া হবে। তাদের বিভিন্ন খাতে ঋণ বিতরণকে নিয়ন্ত্রণ করা হবে।উল্লেখ্য, সিআরআর বৃদ্ধি করায় এ হিসাবে ব্যাংক খাত থেকে অতিরিক্ত দুই হাজার ৭৬ কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে গিয়ে জমা হওয়ার কথা। কিন্তু প্রতিদিনই বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোর ট্রেজারি বিল জমা রেখে রেপো নিলামে তার চেয়ে ঢের বেশি অর্থ বাজারে সরবরাহ দিয়েছে। গতকাল বিআইবিএমে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনের আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এ প্রতিবেদককে জানান, ‘বাংলাদেশ ব্যাংক কঠোর ব্যবস্থা নিবে। কোনোভাবেই কাউকে ছাড় দেওয়া হবে না। তার প্রস্তুতি হিসাবে আগে ব্যাংকগুলোর ব্যাখ্যা বা জবাব নেওয়া হবে।’