ছদ্মনামে মূলধন জোগান ক্ষমতাও নিজের কাছে
কাগজে-কলমে প্রবাসীদের উদ্যোগে গড়া এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংকের উদ্যোক্তা পরিচালক আমির হোসেন। তবে এর মূলধন জোগান দিয়েছেন একই সময়ে অনুমোদন পাওয়া সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের পরিচালক মাকসুদুর রহমান। আমির হোসেন দেশে না থাকায় তাঁর পক্ষে এখন ব্যাংকটির বিকল্প পরিচালক মাকসুদুর রহমানের ছেলে মিজানুর রহমান। আমির হোসেনের হিসাব পরিচালনার এখতিয়ারও দেওয়া হয়েছে মাকসুদুর রহমানের আরেক ছেলে মারজানুর রহমানকে।
এসব শেয়ারের লভ্যাংশও জমা হয়েছে এম রহমান স্টিল মিলের হিসাবে, যা মাকসুদুর রহমানের মালিকানাধীন রতনপুর গ্রুপের একটি প্রতিষ্ঠান। ব্যাংকসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ছদ্মনামে²মালিকানা কিনলেও কোনো ধরনের ঝুঁকি নেননি মাকসুদুর রহমান। পরিচালক ও ব্যাংক হিসাব পরিচালনার সব ক্ষমতাই রেখেছেন নিজ পরিবারের হাতে। এর সুফল হিসেবে লভ্যাংশ ঠিকই জমা হয়েছে মাকসুদুর রহমানের নিজ প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে।
বাংলাদেশ ব্যাংকের একটি দল এনআরবিসি ব্যাংক থেকে বেনামে শেয়ার কেনা ও লভ্যাংশ-সুবিধা নেওয়ার এ তথ্য বের করেছে। আর মূলধনের অর্থ আসা, লভ্যাংশ জমা—সবই হয়েছে মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখায়।
>সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংকের পরিচালক মাকসুদুর রহমানের বেনামি শেয়ার এনআরবি কমার্শিয়াল
ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী, বেনামে শেয়ার কেনার বিষয়টি প্রমাণিত হলে ওই শেয়ার বাংলাদেশ ব্যাংকের অনুকূলে বাজেয়াপ্ত হবে। আইনের ১৪ ক(২) ধারায় বলা হয়েছে, ব্যাংকের শেয়ার কেনার সময় ঘোষণাপত্র দাখিল করতে হবে, তিনি অন্যের মনোনীত ব্যক্তি হিসেবে বা বেনামিতে শেয়ার ক্রয় করছেন না এবং আগেও বেনামিতে শেয়ার ক্রয় করেননি। ক(৩)-এ বলা হয়েছে, দাখিলকৃত ঘোষণাপত্রে বিষয়বস্তু কোনো সময় মিথ্যা প্রমাণিত হলে তার সব শেয়ার বাংলাদেশ ব্যাংকের অনুকূলে বাজেয়াপ্ত হবে।
মাকসুদুর রহমান রতনপুর স্টিল রি রোলিং মিলের (আরএসআরএম) ব্যবস্থাপনা পরিচালক ও সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান। চলতি মার্চে দুই দফায় কথা হয় তাঁর সঙ্গে। প্রথম আলোকে তিনি বলেন, ‘এনআরবিসি ব্যাংকের সঙ্গে আমার কোনো মালিকানা সম্পর্ক নেই। আমার ছেলে বাইরে পড়াশোনা করেছে, বন্ধু হিসেবে ওই ব্যাংকের কোনো পরিচালকের সঙ্গে পরিচয় থাকতে পারে। মূলধন হিসেবেও যুক্তরাষ্ট্র থেকে আমি কোনো টাকা পাঠাইনি।’
মাকসুদুর রহমান দাবি করেন, ‘আমি ব্যবসা করি, ব্যাংকে যাতায়াত হয়। কেউ হিসাব খুলতে স্বাক্ষর চাইলে দিতেই পারি। আমি অন্যের নামে কেন শেয়ার কিনতে যাব? কিনলে নিজের সন্তানদের নামেই কিনতাম। আমি রডের ব্যবসা করি, কেউ হয়তো রড কিনেছে। তার টাকা হিসাবে জমা দিয়েছে। আমার পক্ষে যাচাই করা সম্ভব না কোন টাকা হিসাবে জমা হলো।’
জানা গেছে, ২০১২ সালের ২৯ জুলাই মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখায় আমির হোসেনের নামে বৈদেশিক মুদ্রায় (এফসি) পরিচালিত হিসাব খোলার আবেদন জমা হয়। এ সময় আমির হোসেন দেশে ছিলেন না। আবেদনের নথিপত্রে পাসপোর্টের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ৫ আগস্ট দেশ ছেড়েছেন তিনি। এ হিসাবের পরিচয় দানকারী মাকসুদুর রহমান। হিসাব পরিচালনার এখতিয়ার দেওয়া হয় তাঁর ছেলে মারজানুর রহমানকে। অর্থাৎ হিসাবধারীর অনুপস্থিতিতে হিসাব খুলে পিতা-পুত্র মিলে হিসাব পরিচালনার দায়িত্ব নেন।
এ হিসাবেই যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে জমা হয় ২৪ লাখ ৬৫ হাজার ডলার (প্রায় ২০ কোটি টাকা)। অর্থ প্রেরণকারীও মাকসুদুর রহমান। যা পরবর্তী সময়ে এনআরবি কমার্শিয়াল ব্যাংকের মূলধন হিসাবে জমা হয়। আমির হোসেন হন ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক। তবে উদ্যোক্তা পরিচালক হলেও দেশের বাইরে থাকায় তাঁর বিকল্প পরিচালক মিজানুর রহমান। মিজানুর রহমান আবার মেরিডিয়ান ফাইন্যান্সের পরিচালক।
মার্কেন্টাইল ব্যাংকের একই শাখায় আমির হোসেনের নামে ২০১৫ সালের ২৫ আগস্ট একটি সঞ্চয়ী হিসাব খোলা হয়। এ হিসাবে জমা হয় এনআরবি কমার্শিয়াল ব্যাংকের শেয়ারের লভ্যাংশের ১ কোটি ২৫ লাখ টাকা। এ হিসাবের জমা হওয়া টাকা পরে স্থানান্তর করা হয় মারজানুর রহমানের হিসাবে। পরে তা জমা হয় এম রহমান স্টিল মিলের হিসাবে। এটি রতনপুর গ্রুপের একটি প্রতিষ্ঠান। এনআরবিসি ব্যাংক সূত্রে জানা গেছে, আমির হোসেন সম্প্রতি দেশে এসে পর্ষদ সভায় উপস্থিত ছিলেন। আবার ফিরেও গেছেন।
কেন্দ্রীয় ব্যাংক তাদের প্রতিবেদনে বলছে, আমির হোসেনের নামে ক্রয়কৃত সব শেয়ারের প্রকৃত মালিক মাকসুদুর রহমান, যা ব্যাংক কোম্পানি আইন অনুযায়ী বাজেয়াপ্ত হওয়ার যোগ্য।
এসব ঘটনার সময় মার্কেন্টাইল ব্যাংকের গুলশান শাখার ব্যবস্থাপক ছিলেন নজরুল হোসেন। ২০১৩ সালের মার্চেই তিনি মার্কেন্টাইল ব্যাংক ছেড়ে দিয়ে মেঘনা ব্যাংকে যোগ দেন। পরে জিএসপি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক হয়ে অবসরে যান নজরুল হোসেন। তিনি প্রথম আলোকে বলেন, ‘শাখা ব্যবস্থাপকের পক্ষে সবকিছু দেখা সম্ভব না। তবে ওই সময়ের কোনো কিছু আমার মনে আসছে না।’
৮ মার্চ শাখায় গেলে বর্তমান ব্যবস্থাপনা পরিচালক সোহেল খুরশিদ প্রধান কার্যালয়ে যোগাযোগের পরামর্শ দেন। একই দিন মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান বলেন, ‘ওই শাখার হিসাব পরিচালনা বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে আমরা কোনো নির্দেশনা পাইনি। পেলেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’