ছয় মাসে এডিপির মাত্র ২৮ শতাংশ বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম ছয় মাস জুলাই-ডিসেম্বরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ২৮ শতাংশ বাস্তবািয়ত হয়েছে। এ সময়ে খরচ হয়েছে ২২ হাজার ৪৪৩ কোটি টাকা।
গত অর্থবছরের একই সময়ে এডিপির ২৭ শতাংশ বাস্তবািয়ত হয়েছিল। তখন ব্যয় হয়েছিল ১৮ হাজার ৮৭ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গতকাল বৃহস্পতিবার এডিপি বাস্তবায়ন পরিস্থিতির এই হালনাগাদ তথ্য প্রকাশ করা হয়। ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ সময় মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতায় ৮০ হাজার ৩১৫ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়ের ৫ হাজার ৬৮৫ কোটি টাকার প্রকল্পও এডিপিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। সব মিলিয়ে ৮৬ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়।
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন, পিরবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) হালনাগাদ তথ্যে দেখা যায়, জুলাই-ডিসেম্বর মাসে সরকারের নিজস্ব তহবিল থেকে ১৪ হাজার ৮৮৪ কোটি টাকা এবং বিদেশি সহায়তার ৭ হাজার ৫৫৯ কোটি টাকা খরচ হয়েছে।
পরিকল্পনামন্ত্রী আরও বলেন, ‘রাবার দিয়ে মুছে নয়, কম্পিউটারে ক্লিক করে নয়, যথাযথভাবেই শতভাগ এডিপি বাস্তবায়ন করা হবে। ইতিমধ্যে এ নিয়ে সব মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ-আলোচনা করা হয়েছে।’
বাস্তবায়ন
আলোচ্য সময়ে বরাদ্দের ১০ শতাংশের কম অর্থ খরচ করেছে ছয়টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পানিসম্পদ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, ভূমি মন্ত্রণালয়, সমাজকল্যাণ মন্ত্রণালয় এবং পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ।
তবে এডিপির অর্থ খরচে সাফল্যও দেখিয়েছে কয়েকটি মন্ত্রণালয় ও বিভাগ। পাঁচটি মন্ত্রণালয় ও বিভাগ ছয় মাসে মোট বরাদ্দের ৫০ শতাংশের বেশি টাকা খরচ করেছে। আইন, বিচার ও সংসদবিষয়ক বিভাগ মোট বরাদ্দের ৯৮ শতাংশ বা ৬১ কোটি টাকা খরচ করেছে। এ বিভাগের দুটি প্রকল্পের অনুকূলে প্রায় ৬৩ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এ ছাড়া সফলতা দেখিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয় ও মন্ত্রিপরিষদ বিভাগ।
চলতি এডিপিতে ১৫৭টি প্রকল্পের বিপরীতে সবচেয়ে বেশি ১৩ হাজার ৩৭৯ কোটি টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। ছয় মাসে এ বিভাগটি খরচ করেছে ৪ হাজার ৯৭৫ কোটি টাকা; যা বছরের মোট বরাদ্দের ৩৭ শতাংশ।