ছয় মাসের মধ্যেই ছাড়া হবে 'টাকা বন্ড'
আগামী ছয় মাসের মধ্যেই বাংলাদেশের জন্য ১০০ কোটি ডলার মূল্যের বন্ড ছাড়বে ইন্টারন্যাশনাল ফিন্যান্স করপোরেশন (আইএফসি)। পদ্মা সেতুসহ অবকাঠামো খাতের উন্নয়নে তা ব্যয় করা হবে। বন্ডটির নাম হবে ‘টাকা বন্ড’।
যুক্তরাষ্ট্র ও পেরু থেকে ২৫ দিন পর দেশে ফিরে সচিবালয়ে গতকাল রোববার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের এসব কথা জানান।
গত মাসের শেষ দিকে নিউইয়র্কে জাতিসংঘের অধিবেশন এবং চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে লিমায় বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক সভায় যোগ দেন অর্থমন্ত্রী।
চলতি অর্থবছরে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হার ৭ শতাংশ অর্জিত হবে বলে বিশ্বাস করেন মুহিত। কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘দেশে কোনো হরতাল নেই। অর্থনীতির স্বার্থে জনগণ এখন হরতালের মতো কর্মসূচি মেনে নেবে না। এটাই আমাদের সবচেয়ে বড় অর্জন। দুষ্টু পলিটিকস যাঁরা করেন, তাঁদের জন্যও এটা বড় সতর্ক বার্তা।’
বিশ্বব্যাংকের কাছ থেকে বাজেট সহায়তা বাবদ ৫০ কোটি ডলার পাওয়া যাবে বলে যে আগে জানিয়েছিলেন, সেটার কী অবস্থা জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘২৫ কোটি ডলার পাওয়া যাবে। তবে এটা একটা চলমান প্রক্রিয়া।’
এ ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার ফাঁকে ভারতের সঙ্গেও আলাদা বৈঠক হয়েছে। ভারতের সঙ্গে কোনো সমস্যা নেই এই মুহূর্তে। সবচেয়ে বড় কাজ যেটা অর্থাৎ ভারতের পূর্বাঞ্চল, ভুটান ও নেপালের সঙ্গে তো কানেকটিভিটি হচ্ছেই। ভারত যদি বাংলাদেশের জায়গা ব্যবহার করতে পারে, বাংলাদেশেরও একই সুবিধা পাওয়া উচিত—এমন প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘অবশ্যই। সেই কারণেই বলছি, একটা সংক্ষিপ্ত (শর্টকাট) রাস্তা যদি হয়ে যায়।’ অর্থমন্ত্রী মনে করেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় দক্ষিণ এশিয়ার পরিবেশ এখন সবচেয়ে ভালো।
সরকারি চাকরিজীবীদের টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বহাল রাখা এবং বিশ্ববিদ্যালয় শিক্ষকদের আন্দোলন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, শিক্ষামন্ত্রী এ নিয়ে কথাবার্তা বলেছেন। তিনি বলেন, টাইম স্কেল ও সিলেকশন গ্রেড বাতিল করে সরকার বছরের একই দিন একই সঙ্গে সব সরকারি চাকরিজীবীর চক্রবৃদ্ধি হারে বেতন বাড়ানোর যে সিদ্ধান্ত নিয়েছে, তা অনেকেই বুঝতে পারছেন না।
এ বিষয়ে পরিপত্রটি জারি হলেই সবাই বুঝতে পারবেন বলে অর্থমন্ত্রীর বিশ্বাস। অর্থসচিব মাহবুব আহমেদ বলেন, চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে এ পরিপত্র জারি হতে পারে।