ছয়টি অয়েল ট্যাংকার হস্তান্তর করবে খান ব্রাদার্স শিপ বিল্ডিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেড আগামী বুধবার ছয়টি অয়েল ট্যাংকার হস্তান্তর করবে। করিম গ্রুপের কাছে এই ট্যাংকারগুলো হস্তান্তর করা হবে। একই সঙ্গে তিনটি ইউটিলিটি ফেরির নির্মাণকাজের উদ্বোধন করা হবে ওই দিন। আজ শনিবার দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে খান ব্রাদার্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান এ তথ্য জানান। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে আশা করেন তিনি।তোফায়েল কবির খান জানান, খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেড গত এক বছরে ২৪টি জাহাজ তৈরির কাজ করেছে। এর মধ্যে ৮৫০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ১২টি অয়েল ট্যাংকার, এক হাজার ৫০০ মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন ছয়টি সমুদ্রগামী জাহাজ, দুই হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন চারটি জাহাজ ও দুটি কে টাইপ ফেরি রয়েছে।এ ছাড়া প্রতিষ্ঠানটি পাঁচ হাজার মেট্রিক টন ক্ষমতাসম্পন্ন দুটি অয়েল ট্যাংকার ও দেশে প্রথমবারের মতো ৬০০ যাত্রী বহনকারী ক্যাটামারান জাহাজ তৈরি করতে যাচ্ছে। শিগগিরই আরও ১০০ মিলিয়ন মার্কিন ডলারের বিদেশি জাহাজ তৈরির আদেশ পেতে যাচ্ছেন বলেও জানান তোফায়েল কবির।তোফায়েল কবির জানান, ২০১০ সালের সেপ্টেম্বরে খান ব্রাদার্স শিপ বিল্ডিং লিমিটেডের যাত্রা শুরু। মুন্সিগঞ্জের গজারিয়ায় ৩৫০ বিঘা জমির ওপর এর নিজস্ব জাহাজ তৈরির কারখানা রয়েছে। বর্তমানে এটি বাংলাদেশের সবচেয়ে বড় জাহাজ তৈরির কারখানা। এই কারখানায় বছরে সমুদ্রগামী ২৫টি বড় জাহাজ তৈরি সক্ষমতা রয়েছে।