সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুমোদন বা গ্রহণ করেছে উন্নয়ন সহযোগীরা। এ মধ্যমেয়াদি পরিকল্পনার আলোকে সহযোগিতার প্রতিশ্রুতিও দিয়েছে এসব দাতা সংস্থা ও দেশের প্রতিনিধিরা। যদিও এ পরিকল্পনার লক্ষ্যগুলোকে ‘উচ্চাভিলাষী’, তবে ‘অর্জনযোগ্য’ বলে মনে করেন তাঁরা।
গতকাল সোমবার বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) সভা শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দুদিনব্যাপী এ সভা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সভাটির আয়োজন করেছে।
সংবাদ সম্মেলনের মাধ্যমে সরকার ও উন্নয়ন সহযোগীদের যৌথ ঘোষণা দেওয়া হয়। সেখানে বলা হয়েছে, শিগগিরই দ্বিতীয় যৌথ সহায়তা কৌশল তৈরি করা হবে। ভবিষ্যতে দাতারা কীভাবে সরকারকে সহায়তা করবে, সেখানে সেই কৌশল থাকবে।
যৌথ ঘোষণায় বলা হয়েছে, প্রবৃদ্ধি বাড়িয়ে ও দারিদ্র্য কমিয়ে স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ঘটাতে বাংলাদেশকে ছয়টি বিষয়ের দিকে নজর দিতে হবে। এগুলো হলো মানসম্পন্ন কর্মসংস্থান; মানবসম্পদ উন্নয়ন; সামাজিক নিরাপত্তা শক্তিশালী করা; নারীর ক্ষমতায়ন; জলবায়ু পরিবর্তন ইস্যুতে দক্ষতা বৃদ্ধি এবং সুশাসন সুসংহত করা।
দুদিনব্যাপী বিডিএফে বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনা নিয়ে বিস্তৃত আলোচনা হয়েছে। দাতারা অর্থ সহায়তার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি দেয়নি। বরং বলেছে, অভ্যন্তরীণ উৎস থেকে অর্থের জোগান বাড়াতে হবে। এবারের বিডিএফের বাংলাদেশের জন্য একটি বড় অর্জন হলো উন্নয়ন সহযোগী হিসেবে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংককে এআইআইবি পাওয়া। অর্থমন্ত্রী সংবাদ সম্মেলনে সেটা স্বীকারও করেছেন।
সংবাদ সম্মেলনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৮ শতাংশে নিতে হলে দক্ষ মানবসম্পদ তৈরি করতে হবে। এ প্রবৃদ্ধির লক্ষ্য উচ্চাভিলাষী নয়। কেননা, এ বছরই ৭ শতাংশের কাছাকাছি প্রবৃদ্ধি হবে। দাতারা বলেছে, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কম। এ বরাদ্দ আগামী অর্থবছর থেকে বৃদ্ধি করা হবে।
দাতারা জ্বালানি, বিদ্যুৎ ও পরিবহন খাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে বলে অর্থমন্ত্রী জানান। ইতিমধ্যে এশীয় অবকাঠামো বিনিয়োগ ব্যাংকের (এআইআইবি) মনোনীত প্রেসিডেন্টের কাছে এসব খাতের ধরনের বড় প্রকল্পের তালিকা দেওয়া হয়েছে। অর্থমন্ত্রী বলেন, ‘বড় প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব এআইআইবি, বিশ্বব্যাংক ও এডিবির মতো প্রতিষ্ঠান নিয়েছে।’ অর্থমন্ত্রী জানান, ভবিষ্যতে অবকাঠামো উন্নয়নে সরকারের নিজস্ব বাজেট বাড়বে না। তবে সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) সরকারের বরাদ্দ বাড়বে।
সংবাদ সম্মেলনে দাতাদের পক্ষে সমন্বয়কারী ইউএসএআইডির হেড অব মিশন জ্যানিনা জেরুজালস্কি বলেন, সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনার মাধ্যমে ২০২১ সালের রূপকল্প বাস্তবায়ন করা হবে। এটি একটি উচ্চাভিলাষী এজেন্ডা। যদি সব পক্ষের সহযোগিতার ভিত্তিতে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়, তবে তা অর্জনযোগ্য হবে। তিনি চারটি বিষয়ে নজর দেওয়ার পরামর্শ দেন। এগুলো হলো মানবসম্পদ উন্নয়ন, পুষ্টির নিশ্চয়তা, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা এবং নারীর ক্ষমতায়ন। অর্থনৈতিক পরিকল্পনায় এসব বিষয়ে জোর দেওয়ার পরামর্শ দেন তিনি।
ইআরডি সচিব মোহাম্মদ মেজবাহউদ্দিন বলেন, ‘সবাই একবাক্যে স্বীকার করেছেন যে প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে অবকাঠামো উন্নয়ন করতে হবে। সভায় পিপিপির আলোকে অবকাঠামো খাতে কীভাবে বেসরকারি বিনিয়োগ আনা যায়, সে বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে।’ এ ছাড়া সুশাসন প্রতিষ্ঠায় সরকারের বিভিন্ন উদ্যোগের কথাও দাতাদের অবহিত করা হয়েছে বলে তিনি জানান। তিনি আরও জানান, বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণে আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধিতে সড়ক, বিদ্যুৎ ও তথ্যপ্রযুক্তি খাতে অর্থায়নে বেশি আগ্রহী দাতারা।
এ প্রশ্নের জবাবে ইআরডিসচিব বলেন, ‘আইনশৃঙ্খলার বিষয়টি এ দেশের সংস্কৃতির সঙ্গে জড়িত। এক দিনে তা মানসম্পন্ন করা যাবে না। দাতাদের জানিয়েছি, এ বিষয়ে তৎপরতা চালাচ্ছি।’
এবারের বিডিএফ সভায় সরকারের পক্ষ থেকে সপ্তম পঞ্চবার্ষিক পরিকল্পনা তুলে ধরা হয়। প্রায় ছয় বছর পর এ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।