ছাগলনাইয়ায় সীমান্ত হাট উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছাগলনাইয়ায় সীমান্ত হাটের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সীতারামানসহ অন্যরা l প্রথম আলো
ছাগলনাইয়ায় সীমান্ত হাটের উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সীতারামানসহ অন্যরা l প্রথম আলো

ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া এবং ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর থানার কৃষ্ণনগর এলাকায় গতকাল মঙ্গলবার দুই দেশের মধ্যকার তৃতীয় সীমান্ত হাট উদ্বোধন করা হয়েছে। বেলা একটায় বাংলাদেশ সরকারের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ভারতের কেন্দ্রীয় সরকারের বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী নির্মলা সীতারামান যৌথভাবে এ সীমান্ত হাট উদ্বোধন করেন। দুই দেশের জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়।
এ উপলক্ষে সীমান্ত হাটে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন সাংসদ শিরিন আক্তার, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার, স্থানীয় সাংসদ জীতেন্দ্র চৌধুরী। এ ছাড়া অনুষ্ঠানে বাংলাদেশের বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, সাংসদ নিজাম উদ্দিন হাজারী, ফেনীর সংরক্ষিত মহিলা সাংসদ জাহানারা বেগম, জেলা প্রশাসক হুমায়ুন কবীর খোন্দকার, পুলিশ সুপার রেজাউল হক, ত্রিপুরার বিধায়ক রিতা কর, প্রভাত রঞ্জন, বাসুদেব চৌধুরী, হিমাংশু রায় চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ২০১০ সালের ১৩ জানুয়ারি প্রধানমন্ত্রী ভারত সফরের সময় দুই দেশের মানুষের সুবিধার জন্য সীমান্ত হাট চুক্তি করেন। এরই ধারাবাহিকতায় ইতিমধ্যে কুড়িগ্রামের বালিয়ামারী ও সুনামগঞ্জের ডলোরা সীমান্তে দুটি সীমান্ত হাট চালু হয়েছে। ছাগলনাইয়ার এটিসহ তিনটি হাট চালু হলো। আরও সীমান্ত হাট চালু করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, প্রতি মঙ্গলবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হাটে বেচাকেনা চলবে। দুই দেশের লোকজন প্রতি সপ্তাহে ১০০ ডলারের সমপরিমাণ টাকার কৃষি ও শিল্পপণ্য বা মালামাল কিনতে পারবেন। দুই দেশের মুদ্রা বিনিময়ের জন্য মানি এক্সচেঞ্জের ব্যবস্থা থাকবে।