ছাগলনাইয়ায় সীমান্ত হাটে বেচাকেনা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর ছাগলনাইয়া সীমান্ত হাটে বেচাকেনা শুরু হয়েছে। উদ্বোধনের এক সপ্তাহ পর গতকাল মঙ্গলবার থেকে বেচাকেনা শুরু হয়।
ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের মোকামিয়া গ্রাম এবং ভারতের দক্ষিণ ত্রিপুরার শ্রীনগর থানার কৃষ্ণনগর এলাকায় এই হাট বসছে।
উল্লেখ্য, ১৩ জানুয়ারি বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এবং ভারতের কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী নির্মলা সিতারাম যৌথভাবে এ হাট উদ্বোধন করেন।
প্রথম দিনে গতকাল বেলা ১১টা থেকে দুই দেশের ক্রেতা-বিক্রেতারা এই হাটে আসতে শুরু করেন। উভয় দেশের ২৫টি করে ৫০টি দোকান থাকার কথা থাকলেও এদিন দোকান বসেছে ৩৫টি। বাংলাদেশি দোকানগুলোতে প্লাস্টিক চেয়ার, বালতি, ডাইনিং টেবিল, ঝুড়ি, মেলামাইনসামগ্রী, বেকারিসামগ্রী, কনডেন্সড মিল্ক, ফল, সবজি, মাছ ও শুঁটকি, প্রসাধনসামগ্রী, ডালসহ বিভিন্ন মসলা, শাড়ি, লুঙ্গি, শাল, থান কাপড়, স্টিলের ক্রোকারিজসামগ্রী, সবজি ইত্যাদি বিক্রি করা হয়।
বাংলাদেশি সবজি দোকানি মো. এরশাদ জানান, প্রথম দিন বেচাকেনা বেশ ভালো হয়েছে। সেখানে ভারতীয় মুদ্রায় আলু ১৫ রুপি, ক্ষীরা ৩০ রুপি, সিম ৩০ রুপি, ফুলকপি ৩০ রুপি, কাঁচামরিচ ৪০ রুপি, টমেটো ৪০ রুপি কেজি দরে বিক্রি হয়েছে।
ভারতের ত্রিপুরা রাজ্যের শ্রীনগর থানা থেকে আসা সবজি দোকানি সজল চৌধুরী অবশ্য জানান, তাঁর কোনো বেচাকেনা হয়নি। কারণ, তিনি যেসব সবজি নিয়ে এসেছিলেন, সেগুলোর কেনা দাম ছিল বেশি। তাই বাংলাদেশি সবজির তুলনায় বেশি দামে কেউ তাঁর কাছ থেকে কেনেননি। সে জন্য দুপুরের পর তিনি দোকান গুটিয়ে চলে গেছেন। তবে সঞ্জিব দাস নামে আরেক ভারতীয় বিক্রেতা বলেন, সরিষার তেল, মসলাসামগ্রী, গুড়াঁদুধ তার ভালোই বিক্রি হয়েছে।
আরেকজন দোকানি জানান, তাঁরা বুঝতে এসেছেন, কোন দেশের মানুষের চাহিদা কী। ভবিষ্যতে সে অনুযায়ী মালামাল নিয়ে আসবেন।
সীমান্ত হাট পরিচালনা কমিটির বাংলাদেশ পক্ষের চেয়ারম্যান ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মাহবুবুল হক ও ভারতীয় পক্ষের চেয়ারম্যান জিতেন্দ্র বলেন, হাটের প্রথম দিন গতকাল দুই পক্ষের অন্তত ১০ লাখ টাকার মালামাল বিক্রি হয়েছে।
প্রতি মঙ্গলবার বেলা দুইটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এ হাটে বেচাকেনা চলবে। দুই দেশের লোকজন প্রতি সপ্তাহে ১০০ ডলারের সমপরিমাণ টাকার কৃষি ও শিল্পপণ্য বা মালামাল কিনতে পারবেন। দুই দেশের মুদ্রা বিনিময়ের জন্য মানি এক্সচেঞ্জের ব্যবস্থা থাকবে।