
সময়সীমা যদি আর বাড়ানো না হয়, তাহলে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ পর্যায়ে চলে এসেছে। হাতে গোনা আর মাত্র কয়েক দিন বাকি মেলার আনুষ্ঠানিক সমাপ্তির। সেটি বিবেচনায় নিয়েই মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর স্টল ও প্যাভিলিয়নে এখন আকর্ষণীয় মূল্যছাড়ে পণ্য বিক্রি হচ্ছে।
বিক্রি বাড়াতে বিক্রেতাদের দেওয়া এই ছাড়ের ঘোষণায় মেলায় গতকাল সোমবারও ক্রেতার ব্যাপক সমাগম ঘটছে। তবে স্টল আর প্যাভিলিয়নগুলোতে যেসব ছাড় দেওয়া হচ্ছে, তা নিয়ে অভিযোগ আছে কিছু ক্রেতার। তাঁদের মতে, ক্রেতা টানতে প্রতিষ্ঠানগুলো যে ছাড় দিচ্ছে, তার অনেকগুলোতে একধরনের ‘শুভংকরের ফাঁকি’ রয়েছে।

রাজধানীর উত্তরা থেকে মেলায় আসা বেসরকারি এক প্রতিষ্ঠানের কর্মকর্তা মহিউদ্দিন হোসেন অভিযোগ করেন, অনেক প্রতিষ্ঠান পণ্যের দাম বাড়িয়ে দিয়ে তারপর আকর্ষণীয় ছাড় ঘোষণা করেছে। এর ফলে দিন শেষে আসলে ক্রেতার তেমন কোনো লাভ হচ্ছে না।
এবারের মেলায় প্রথমবার অংশ নিয়েছে জুতা, স্যান্ডেলসহ চামড়ার তৈরি বিভিন্ন পণ্য বিপণনকারী প্রতিষ্ঠান ইকো লাইফস্টাইল। রাজধানীর শেওড়াপাড়াকেন্দ্রিক এ প্রতিষ্ঠান মেলার শেষ পর্যায়ে এসে জুতা, স্যান্ডেলসহ চামড়ার তৈরি বিভিন্ন পণ্যে সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত নগদ ছাড়ের ঘোষণা দিয়েছে।

প্রতিষ্ঠানটির বিক্রয় ব্যবস্থাপক হাসান মাহমুদ প্রথম আলোকে বলেন, চার দিন আগে নগদ মূল্যছাড়ের ঘোষণা দেওয়া হয়েছে। এর ফলে বেচাবিক্রি বেড়েছে।
হাসান মাহমুদ আরও জানান, তাঁদের উৎপাদিত পণ্যের মধ্যে রয়েছে ছেলেদের জুতা, স্যান্ডেল, বুট, ল্যাপটপ, ট্যাব ও এক্সিকিউটিভ ব্যাগ আর মেয়েদের স্যান্ডেল, পার্টস ও ব্যাগ। ছেলে-মেয়ে উভয়ের সব ধরনের জুতা-স্যান্ডেলের ওপর ৫০ শতাংশ নগদ ছাড় দেওয়া হচ্ছে। এ ছাড়া ছেলে-মেয়ে উভয়ের ব্যবহার্য বিভিন্ন ধরনের ব্যাগে মানভেদে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত নগদ ছাড় আছে।

চামড়ার জুতা-স্যান্ডেল প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান জেনিস ব্র্যান্ডের একটি বিক্রয়কেন্দ্র বা মিনি প্যাভিলিয়ন রয়েছে মেলায়। প্রতিষ্ঠানটি শুধু মেলার জন্যই বিভিন্ন পণ্যে ১০০ থেকে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত নগদ মূল্যছাড় ঘোষণা করেছে।
মেলায় জেনিসের প্যাভিলিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম জানান, তাঁদের তৈরি পণ্যের মধ্যে ছেলেদের স্যান্ডেল ও জুতা ৬৫০ থেকে ৩ হাজার ৬৫০ টাকা, কেডস ১ হাজার ২৯০ থেকে ২ হাজার ৯৯০ টাকা, বাচ্চাদের স্যান্ডেল ও কেডস সর্বনিম্ন ৩০০ থেকে ১ হাজার ৩৯০ টাকা এবং মেয়েদের স্যান্ডেল ১০০ থেকে ১ হাজার ৬৯০ টাকায় বিক্রি হচ্ছে। তিনি আরও বলেন, মেলায় ছাড়ের ঘোষণা দেওয়ায় শুরু থেকে বিক্রি বেশ ভালোই হয়েছে।