ছাতক সিমেন্ট কারখানা যৌথ মালিকানায় দেওয়ার উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানা যৌথ মালিকানায় পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে। এ জন্য বেসরকারি সিমেন্ট প্রস্তুতকারক প্রতিষ্ঠান ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরিকে ৮০ শতাংশ পর্যন্ত মালিকানা দেওয়ার বিষয়ে সরকারি পর্যায়ে আলোচনা চলছে। জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এ বিষয়ে ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেওয়া হয়েছে (স্মারক নম্বর-২/১২/২০১২)। বিসিআইসির মাধ্যমে গত রোববার ছাতক সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের কাছে চিঠিটি আসে। চিঠিতে ক্রাউন সিমেন্ট ফ্যাক্টরি কর্তৃপক্ষের সঙ্গে ছাতক সিমেন্ট কারখানার যৌথ মালিকানার প্রস্তাবটি পরীক্ষা-নিরীক্ষা করে মতামত জানাতে বলা হয়েছে। চিঠি পাওয়ার পর ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক মোহামঞ্চদ আলী আক্কাস কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে এ বিষয়ে আলোচনা শুরু করেছেন। জানা গেছে, যৌথ মালিকানার প্রস্তাবে ক্রাউন সিমেন্টের পক্ষ থেকে ছাতক সিমেন্ট কারখানার উন্নয়নে এক হাজার ৫০০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। বিপরীতে ক্রাউনকে ৮০ শতাংশ মালিকানা দিতে হবে। বাকিটা থাকবে ছাতকের।ব্যবস্থাপনা পরিচালক মোহামঞ্চদ আলী আক্কাস চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১০ সালে কারখানাটির বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন ও সংস্কারের (বিএমআরই) জন্য সরকারের কাছে ৬০০ কোটি টাকার একটি প্রকল্প দেওয়া হয়েছিল। কিন্তু এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। আলী আক্কাস আরও বলেন,‘ রাষ্ট্রায়ত্ত লাভজনক এই প্রতিষ্ঠানটি সরকারের বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় নিয়ে সংস্কারের উদ্যোগ নিলে উৎপাদন আরও বৃদ্ধি পাবে। আমি কারখানার সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে বিষয়টি বোর্ড সভায় উত্থাপন করব। সেখানে মতামত চূড়ান্ত হবে।’ ছাতক সিমেন্ট কারখানা ১৯৩৭ সালে প্রতিষ্ঠিত হয়। এখানে বর্তমানে এক হাজারের ওপরে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক কাজ করছেন। এই প্রতিষ্ঠানটি সরকারের কোনো ভর্তুকি পায় না। চলতি বছর এর উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এক লাখ ৪০ হাজার মেট্রিক টন। সরকার বছরে শুধু সিমেন্ট বিক্রি থেকে রাজস্ব পায় ১৫ কোটি টাকা। নাম প্রকাশে অনিচ্ছুক কারখানার এক প্রকৌশলী বলেন, ‘৮০ ভাগ দিয়ে কোনো যৌথ মালিকানা হতে পারে না। এটাকে বিক্রি বলাই ভালো। এখানে উৎপাদনের অঙ্কটি ছোট মনে হতে পারে। কিন্তু এটিই সিমেন্টের বাজার নিয়ন্ত্রণ করছে।’ ছাতক সিমেন্ট কারখানার শ্রমিক সংগঠনের (সিবিএ) সভাপতি হুমায়ুন কবীর এবং শ্রমিকদের আরেক অংশের নেতা আবদুল কুদ্দুস দুজনই এভাবে কারখানা বেসরকারীকরণের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান।