সুনামগঞ্জের ছাতক সিমেন্ট কারখানা যৌথ মালিকানার পরিচালনায় না দেওয়ার সুপারিশ করেছে শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটি। জানা গেছে, শিল্প মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সুনামগঞ্জ-৫ আসনের (ছাতক-দোয়ারাবাজার) সাংসদ মুহিবুর রহমান গত রোববার ওই বৈঠকে বিষয়টি উপস্থাপন করেন। এরপর কমিটি কারখানাকে যৌথ মালিকানার পরিচালনায় না দেওয়ার পক্ষে অবস্থান নেয়।প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সম্প্রতি ছাতক সিমেন্ট কারখানা যৌথ মালিকানায় পরিচালনার প্রস্তাব দিয়ে একটি চিঠি কারখানা কর্তৃপক্ষের কাছে পাঠানো হলে এর বিরুদ্ধে শ্রমিক-কর্মচারীরা আন্দোলন শুরু করেন।ছাতক সিমেন্ট কারখানা বেসরকারি প্রতিষ্ঠান এমআই সিমেন্ট ফ্যাক্টরির সঙ্গে যৌথ মালিকানায় পরিচালনার জন্য সরকারি পর্যায়ে আলোচনা চলছিল। এ-সংক্রান্ত প্রস্তাবে বলা হয়েছিল, যৌথ পরিচালনার ক্ষেত্রে এমআই সিমেন্ট কোম্পানি ৮০ শতাংশ ও ছাতক সিমেন্ট কারখানা (বিসিআইসি) ২০ শতাংশ শেয়ারের মালিকানায় থাকবে। এই অংশীদারির জন্য কারখানার আধুনিকায়ন ও উন্নয়নে এমআই সিমেন্ট এক হাজার ৫০০ কোটি টাকা ব্যয় করবে।১৯৩৭ সালে প্রতিষ্ঠিত ছাতক সিমেন্ট কারখানা একটি লাভজনক প্রতিষ্ঠান। প্রতিবছর সিমেন্ট বিক্রি থেকে সরকার ১৫ থেকে ২০ কোটি টাকার রাজস্ব পায়। এখানে এক হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিক রয়েছেন।সাংসদ মুহিবুর রহমান জানান, একটি স্বর্থান্বেষী মহল ঐতিহ্যবাহী ছাতক সিমেন্ট কারখানাকে বেসরকারি খাতে ছেড়ে দিয়ে ধ্বংসের ষড়যন্ত্র করছে। সে জন্য তিনি এই প্রতিষ্ঠাকে আরও আধুনিক করতে সংসদে ও স্থায়ী কমিটিতে আবেদন করেন। সে অনুযায়ী সংসদীয় কমিটির বৈঠকে কারখানাটি বেসরকারি খাতে না দেওয়ার সিদ্ধান্ত হয়।ছাতক সিমেন্ট কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আলী আক্কাস গতকাল প্রথম আলোকে বলেছেন, ‘বিসিআইসির বোর্ড সভায়ও এই প্রতিষ্ঠানকে সরকারের নিয়ন্ত্রণে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আমি সংসদীয় কমিটির সিদ্ধান্তের কথা শুনেছি। তবে এখনো এ ব্যাপারে কোনো কাগজপত্র পাইনি।’