ছাতকে হবে ভারতীয় বিনিয়োগকারীদের জন্য এসইজেড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আইবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেছেন, প্রথমবারের মতো ভারতীয় বিনিয়োগকারীদের জন্য সুনামগঞ্জের ছাতকে ১০০ একর জমির ওপর বেসরকারি খাতে একটি বিশেষ অর্থনৈতিক এলাকা (এসইজেড) গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে। এখানে ভারতের শীর্ষস্থানীয় ৫০টি প্রতিষ্ঠান কারখানা গড়ে তুলবে।ঢাকায় আয়োজিত তিন দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও বৈদ্যুতিক সরঞ্জামের প্রদর্শনীর ‘ইন্ডিয়া ইনভেসট্রেড ২০১১’-এর সমাপনী অনুষ্ঠানে আবদুল মাতলুব আহমাদ এসব কথা বলেন। আইবিসিসিআইয়ের সহায়তায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স (আইসিসি) এ সম্মেলনের আয়োজন করে।রাজধানীর রূপসী বাংলা হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া প্রধান অতিথি ছিলেন। আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আইসিসির সভাপতি রাজীব সিং, বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) সভাপতি ফারুক সোবহান, ঢাকায় ভারতের ডেপুটি হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য, শিল্পোদ্যোক্তা ফ্রাঞ্চাই কারপেন্টার প্রমুখ বক্তব্য দেন।প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে আন্তবাণিজ্য ও বিনিয়োগ জোরদার করার জন্য একটি শুল্কমুক্ত বাণিজ্য অঞ্চল গঠনের প্রস্তাব করেন।উদ্যোক্তারা জানিয়েছেন, তিন দিনব্যাপী ক্রেতা-বিক্রেতা সম্মেলন ও বৈদ্যুতিক সরঞ্জামের প্রদর্শনীতে ভারতের ৪৮টি কোম্পানির ৫২টি স্টল স্থান পায়।