ছুটি ঘোষণায় বন্ধ শেয়ারবাজারের লেনদেন
সদ্য প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সাধারণ ছুটি ঘোষণা করায় আজ বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারের লেনদেন বন্ধ থাকবে। ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (ডিএসই ও সিএসই) পক্ষ থেকে আজ সকালে এই সিদ্ধান্ত নেওয়া হয়।ডিএসইর সভাপতি মো. রকিবুর রহমান ও সিএসইর সভাপতি আল মারুফ খান আজ সকালে বিষয়টি নিশ্চিত করেছেন।রকিবুর রহমান প্রথম আলো ডটকমকে বলেন, সরকারিভাবে আজ সাধারণ ছুটি ঘোষণা করায় ডিএসইতে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সিএসইর সভাপতি আল মারুফ খান বলেন, সরকারি ঘোষণা অনুযায়ী ডিএসইর পাশাপাশি সিএসইতেও আজ লেনদেন বন্ধ থাকবে। তবে আগামী রোববার যথারীতি লেনদেন চলবে বলে জানান ডিএসই ও সিএসইর সভাপতি।এদিকে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের মৃত্যুতে তাঁর প্রতি সম্মান জানিয়ে আজ ডিএসই ও সিএসইতে লেনদেন সাড়ে ১০টার পরিবর্তে সাড়ে ১১টায় শুরু হওয়ার কথা ছিল।