ছুটিতে ব্যাংকের নিরাপত্তা জোরদারের নির্দেশ
পবিত্র ঈদুল ফিতরের দীর্ঘ ছুটিতে রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক ও ভল্টের নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এ জন্য পুলিশ স্টেশন ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র্যাব) অনুরোধ করা হয়েছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংক সব ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখার নিরাপত্তাব্যবস্থা পালাক্রমে ব্যাংক কর্মকর্তাদের মাধ্যমে তদারকির পরামর্শ দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে গতকাল বৃহস্পতিবার এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি হয়েছে।
আসন্ন ঈদুল ফিতরের আগে ও পরে সাপ্তাহিক ছুটি থাকায় টানা নয় দিন বন্ধ থাকছে ব্যাংকগুলো। যদিও ২, ৩ ও ৪ জুলাই পোশাকশিল্প, বিপণিবিতান-সংশ্লিষ্ট ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে। ঘোষিত ছুটির সময়ে ব্যাংকের প্রধান কার্যালয়, শাখা অফিসসহ সব ব্যবসাকেন্দ্র নিরাপদ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে সংঘটিত কিছু চুরি, ডাকাতিসহ অনাকাঙ্ক্ষিত ঘটনা ও সাইবার অপরাধের পরিপ্রেক্ষিতে ব্যাংকের ব্যবসাকেন্দ্রের নিরাপত্তা আরও জোরদার করা প্রয়োজন। ঈদুল ফিতর উপলক্ষে দীর্ঘ সরকারি ছুটি হওয়ায় নিরাপত্তার আবশ্যকতা আরও বেড়েছে।
এ ছাড়া অর্থ মন্ত্রণালয়ের অপর এক চিঠিতে ব্যাংক শাখা বন্ধ হয়ে যাওয়ার পর কেউ যেন ব্যাংকে প্রবেশ করতে না পারে, সেদিকে তীব্র দৃষ্টি রাখতে ও ব্যবস্থা নিতে বলা হয়েছে।