আগামী ঈদুল ফিতর পর্যন্ত সাপ্তাহিক ছুটির দিনেও (শুক্র ও শনিবার) বাংলাদেশ-ভারত সীমান্তের স্থলবন্দরগুলো খোলা থাকবে এবং সেখানে শুল্ক কার্যক্রম চলবে। আজ শুক্রবার থেকেই এ সিদ্ধান্ত কার্যকর হবে।বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।চলমান রমজান মাস ও আসন্ন ঈদ সামনে রেখে বাজারে পেঁয়াজসহ নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক ও দাম স্থিতিশীল রাখার স্বার্থেই ছুটির দিনে বন্দর খোলা রাখার অনুরোধ জানায় বাণিজ্য মন্ত্রণালয়।মন্ত্রণালয় জানিয়েছে, ভারত থেকে পেঁয়াজসহ নিত্যপণ্য আমদানি নিরবচ্ছিন্ন রাখা প্রয়োজন। ঈদুল ফিতর পর্যন্ত সরকারি ছুটির দিনগুলোতেও সীমান্তবর্তী স্থলবন্দরগুলো খোলা ও শুল্ক কার্যক্রম চালু থাকবে বলে নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য স্বাভাবিক থাকবে।এফবিসিসিআইয়ের আহ্বান: এদিকে পবিত্র রমজান মাসে শুক্র ও শনিবার দেশের সব ব্যাংক, বিমা, আর্থিক প্রতিষ্ঠান, কাস্টমস হাউস এবং নৌ ও স্থলবন্দরগুলো খোলার রাখতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।সংগঠন থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।এফবিসিসিআই বলেছে, ১৫ থেকে ১৮ জুলাই পর্যন্ত টানা চার দিনের হরতালে দেশের ভোগ্যপণ্যের সরবরাহব্যবস্থা ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। এতে বিপুল পরিমাণে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে। আবার সরবরাহব্যবস্থা ভেঙে পড়ায় বিভিন্ন নিত্য ও ভোগ্যপণ্যের দামও বেড়ে যাচ্ছে।এ অবস্থায় হরতালের কারণে সৃষ্ট আর্থিক ক্ষতি কাটিয়ে ওঠা এবং ভোগ্যপণ্যের সরবরাহব্যবস্থা ও আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখার লক্ষ্যে রমজান মাসে ওই দুই ছুটির দিনে ব্যাংক-বিমা-বন্দর খোলা প্রয়োজন বলে মনে করে এফবিসিসিআই।