ছুটির দিনে জমজমাট বাণিজ্য মেলা
জমজমাট বাণিজ্য মেলা। গতকাল শুক্রবার ছিল ছুটির দিন। রাজধানীর শেরেবাংলা নগরের মেলা কেন্দ্রে ছিল লাখো মানুষের ভিড়। এদের একটি অংশ মেলায় এসেছিল শুধু ঘুরতে। তবে বড় অংশটি কেনাকাটায় ব্যস্ত ছিল।
রাজনৈতিক সহিংসতায় সারা দেশের মানুষ ছিল আতঙ্কে। হরতাল-অবরোধে রাজধানীর মানুষ ঘর থেকে খুব একটা বের হতো না। আপাতত এসব ঝামেলা এখন নেই। মানুষ ঘর থেকে বের হতে চায়, বের হচ্ছে। তারপর গতকাল ছিল শুক্রবার। পরিবার, বন্ধু, আত্মীয় নিয়ে মেলায় এসেছিল অনেকে।
এদের একজন শহীদুল্লাহ হক, পেশায় কলেজের শিক্ষক এবং একটি পরিবারের অভিভাবক। সঙ্গে ছিল সাতজন। তিনি বললেন, ‘পরিবার নিয়ে ঘুরতে এসেছি। সকাল থেকে সব স্টল ঘুরলাম, অনেক কিছু দেখলাম।’ তাঁর অভিযোগ, মেলায় খাবারের দাম খুব বেশি।
নূর ইন্টারন্যাশনাল স্টলে উৎসুক মানুষ ভিড় জমিয়েছে যন্ত্রে সবজি কাটা দেখতে। ভারতীয় এই দোকানে পাওয়া যাচ্ছে নানা ধরনের সবজি কাটার বিভিন্ন যন্ত্র। হাতের মধ্যে রেখে চাপ দিলেই সবজি হয়ে যাচ্ছে নানা আকৃতির, রান্নার জন্য তৈরি। কিন্তু যন্ত্রগুলোর দাম যে খুব বেশি, তা বলা যাবে না। কোনোটির দাম ৩০০ টাকা, কোনোটির ৮০০ টাকা।
নারী-পুরুষের ভিড় ছিল ইরানি মসলার দোকানে। জিরা থেকে শুরু করে জাফরান কেনাবেচা হচ্ছে হরদম। গৃহিণী ফেরদৌসী আক্তার আসল স্বাদের মসলা কিনতে প্রতিবার বাণিজ্য মেলায় আসেন। তিনি বলেন, ‘সারা বছরের জন্য বেশি করে মসলা কিনেছি, যদিও দামটা বেশি। তবে যত্ন করে রাখলে অনেক দিন চলে।’
যুক্তরাজ্য, ভারত, মালয়েশিয়ার গয়নার দোকানগুলোতেও ভিড় ছিল। ঘর সাজাতে যাচাই-বাছাই করে কাপড়ের তৈরি কৃত্রিম ফুল কিনছেন নারীরা। তবে মেয়েদের জুতার দোকান ‘আল সাফা’তে ভিড় ছিল উপচে পড়া। বিক্রেতা শাহজাহান বললেন, বেশি বিক্রি হচ্ছে পাম শু, দাম ৫০০ টাকা।
এবারের বাণিজ্য মেলায় সব মিলিয়ে ৪৮৪টি স্টল। এর মধ্যে সাধারণ, প্রিমিয়াম ও বিদেশি প্যাভিলিয়ন ৯৬টি, মিনি প্যাভিলিয়ন ৪৯টি, সাধারণ স্টল ৩২৯টি ও রেস্তোরাঁ ১০টি।
মেলা ঘুরে অনেকেই ক্ষুধার্ত হয়ে পড়ে, অনেকের আবার মেলায় এলেই ক্ষুধা লাগে—তাই খাবারের দোকানগুলোতেও ভিড়ের শেষ নেই। জাপানি খাবারের একটি দোকানে মানুষ এসেছে ভিন্ন স্বাদের নুডল্স্, চা খেতে।
মেলা শেষ হবে ১১ ফেব্রুয়ারি। তবে আয়োজকেরা আশা করছেন, এ কদিন ভিড় বাড়বে।