ছুটির দিনে ব্যাংক-বন্দর-শুল্ক দপ্তর খোলা রাখার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল চলাকালে সপ্তাহের শুক্র ও শনিবার দেশের সব ব্যাংক, সমুদ্র ও স্থলবন্দর এবং শুল্ক কার্যক্রম খোলা রাখার জোর দাবি জানিয়েছেন দেশের ব্যবসায়ী-শিল্পপতিরা। তাঁদের এই দাবির পরিপ্রেক্ষিতে ‘সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে’ বলে আশ্বাস দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ), নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিকেএমইএ), বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনসহ (বিটিএমএ) বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে অর্থমন্ত্রী তাঁদের এই আশ্বাস দেন। একাধিক ব্যবসায়ী নেতা বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।একের পর এক হরতালে উদ্বিগ্ন ব্যবসায়ীরা দেশের অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার স্বার্থে গতকাল মঙ্গলবার অর্থমন্ত্রীর সঙ্গে তাঁর দপ্তরে সাক্ষাৎ করেন। ব্যবসায়ীরা জরুরি ভিত্তিতে সাক্ষাৎ করতে চাইলে সরকারি ছুটির দিনে অর্থমন্ত্রী তাঁদের সচিবালয়ে সময় দেন।ব্যবসায়ীদের মধ্যে ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহেমদ, সাবেক সভাপতি আনিসুল হক, এ কে আজাদ, বিজিএমইএর নবনির্বাচিত সভাপতি আতিকুল ইসলাম, বিটিএমএর সভাপতি জাহাঙ্গীর আলামিন, বিকেএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি মোহাম্মদ হাতেম, এফবিসিসিআইয়ের দুই সহসভাপতি মনোয়ারা হাকিম আলী ও মো. হেলাল উদ্দিন।হেলাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘গতকাল (সোমবার) রাতে অর্থমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আজ (মঙ্গলবার) ছুটির দিনে আমাদের সময় দেন। আমরা শুক্র ও শনিবার ব্যাংক, বন্দর ও শুল্ক কার্যক্রম খোলা রাখার দাবি নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে দেখা করি। তিনি এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন।’মোহাম্মদ হাতেম প্রথম আলোকে বলেন, ‘আমরা অর্থমন্ত্রী মহোদয়কে বলেছি, হরতালের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম যেভাবে বিঘ্নিত হচ্ছে, তা থেকে উত্তরণের জন্য ছুটির দিনেও বন্দর ও ব্যাংকের কার্যক্রম অব্যাহত রাখতে হবে। তিনি আমাদের এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের জন্য আশ্বস্ত করেছেন।’মোহাম্মদ হাতেম আরও জানান, যে সপ্তাহে হরতাল থাকবে, সে সপ্তাহের ছুটির দিনগুলোয় যেন চট্টগ্রাম বন্দর, বেনাপোল বন্দরসহ অন্যান্য নৌ ও স্থলবন্দরে স্বাভাবিক কার্যক্রম চলে, তা নিশ্চিত করতে অর্থমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ব্যাংকসহ প্রয়োজনীয় সব সরকারি প্রতিষ্ঠানও খোলা রাখতে হবে। তা না হলে রপ্তানির কার্যাদেশ পূরণ করা যাবে না। রপ্তানিও মারাত্মকভাবে ব্যাহত হবে।সংশ্লিষ্ট কর্তৃপক্ষগুলোর সঙ্গে আজ বুধবার বৈঠক করে অর্থমন্ত্রী শুক্র ও শনিবার এসব অফিস খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন জাহাঙ্গীর আলামিন। তিনি প্রথম আলোকে বলেন, ‘হরতালে আমাদের ব্যবসা-বাণিজ্যের প্রচুর ক্ষতি হচ্ছে। আমরা রপ্তানি পণ্য জাহাজীকরণ করতে পারছি না। আবার বেনাপোল দিয়ে আসা কাঁচামালও কারখানায় আনতে পারছি না।’বৈঠকে উপস্থিত একাধিক ব্যবসায়ী নেতা জানান, ব্যবসায়ীদের এই দাবি মানা সম্ভব কি না, সে বিষয়ে তাঁদের সামনেই অর্থমন্ত্রী তাৎক্ষণিকভাবে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান এবং এনবিআরের চেয়ারম্যান মো. গোলাম হোসেনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।এর আগে ১৩ মার্চ হরতাল চলাকালে সপ্তাহের শুক্র ও শনিবার দেশের সব বন্দরের শুল্ক বিভাগ এবং গুরুত্বপূর্ণ শহর ও শিল্প এলাকায় বাণিজ্যিক ব্যাংক খোলা রাখার দাবি জানায় রপ্তানিকারকদের সমিতি ইএবি। রপ্তানি চালান দ্রুত জাহাজীকরণ এবং আমদানি করা কাঁচামাল সময়মতো খালাসের জন্যই এ দাবি জানায় সংগঠনটি।পণ্য পরিবহনে নিশ্চয়তা দাবি: এদিকে ব্যবসায়ী নেতারা গতকাল দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তাঁর বাসায় সাক্ষাৎ করেন। এ সময় ব্যবসায়ীরা তাঁদের পণ্য যেন নিরাপদে গন্তব্যে পৌঁছায়, তার নিশ্চয়তা চেয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন। পণ্য পরিবহন নিরাপদ রাখতে হাইওয়ে পুলিশকে নির্দেশ দেওয়া হবে বলে তিনি জানান।আগে পচনশীল ও রপ্তানিমুখী পণ্যবাহী ট্রাক হরতালের আওতামুক্ত থাকত। এর পরও কিছু ট্রাকে তখনো ভাঙচুর করা হতো। কিন্তু সাম্প্রতিক হরতালগুলোতে দেশের বিভিন্ন স্থানে বেশ কয়েকটি পণ্যবাহী ট্রাক জ্বালিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে।জাহাঙ্গীর আলামিন বলেন, ‘আমরা পণ্য পরিবহন নিরাপদ করার ব্যাপারে কথা বলেছি। বিশেষ করে বেনাপোল থেকে ঢাকা এবং ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়কে পরিবহন নিরাপদ করা প্রয়োজন। কারণ, বেনাপোল দিয়েই আমাদের বেশির ভাগ কাঁচামাল আসে। এ ছাড়া অভ্যন্তরীণ পরিবহনেও নিয়শ্চতা চেয়েছি। কারণ, শুধু পণ্য আনলেই তো হবে না, সেগুলো বিতরণও করতে হবে।’