সাপ্তাহিক ছুটির দিনে (শুক্র ও শনিবার) ও সরকারি ছুটির দিনগুলোতে কেন্দ্রীয় ব্যাংকসহ সব ব্যাংক, বিমাপ্রতিষ্ঠান ও শেয়ারবাজার খোলা রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতিগুলোর ফেডারেশন (এফবিসিসিআই)।এ ছাড়া সমুদ্র ও স্থলবন্দর, শিপিং, কাস্টমস বা শুল্ক বিভাগসহ সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোও এসব দিনে খোলার রাখার আহ্বান জানিয়েছে এফবিসিসিআই। সংগঠনটি গতকাল বৃহস্পতিবার এ আহ্বান জানিয়েছে।এফবিসিসিআই বলেছে, কয়েক মাস ধরে একের পর এক হরতালে দেশের ব্যবসা-বাণিজ্য চরম বিপর্যয়ের মুখে পড়েছে। এতে অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়ছে। এ ছাড়া হরতালের মতো রাজনৈতিক কর্মসূচির কারণে বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং রপ্তানি বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। এমন অস্থিরতা চলতে থাকলে দেশি-বিদেশি বিনিয়োগ আসবে না এবং কর্মসংস্থান বিঘ্নিত হবে। ফলে দেশের অর্থনীতি খুব চাপের মুখে পড়বে। খোলা থাকবে কয়েকটি শাখা: এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আগামীকাল শনিবার ঢাকা মহানগর, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলো খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএর অনুরোধে শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধ করার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়। বাংলাদেশ ব্যাংক গতকাল এক সার্কুলারে বিষয়টি জানায়।বাংলাদেশ ব্যাংক আরও জানিয়েছে, ঢাকা ও চট্টগ্রাম বিমানবন্দর, সমুদ্র ও নৌবন্দর (চট্টগ্রাম ও মংলা) এবং স্থলবন্দর (বেনাপেল, সোনামসজিদ, হিলি ও কমলাপুরের আইসিডি) এলাকায় অবস্থিত বাণিজ্যিক ব্যাংকগুলোর আমদানি-রপ্তানি বাণিজ্য লেনদেন সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা আগের মতোই শুক্র ও শনিবার খোলা থাকবে।