ছুটির দিনেও শুল্ক স্টেশন খোলা রাখার আহ্বান
হরতালের ক্ষতি পুষিয়ে নিতে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার চট্টগ্রাম কাস্টম হাউসসহ শুল্ক স্টেশনগুলো খোলা রাখার আহ্বান জানিয়েছে ব্যবসায়ীদের দুটি সংগঠন। জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে গতকাল বুধবার পৃথক চিঠিতে এ আহ্বান জানায় চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। চিঠিতে চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম জানান, গত দুই সপ্তাহে ৬০ ঘণ্টা করে টানা হরতালে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষও ভোগান্তির শিকার হচ্ছেন।
মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি এ এম মাহবুব চৌধুরী পৃথক চিঠিতে জানান, হরতালের কারণে আমদানি-রপ্তানি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে ব্যবসায়ীরা ক্ষতির মুখে পড়েছেন। এ ক্ষতি পুষিয়ে নিতে ছুটির দিনেও শুল্ক স্টেশনসহ সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কার্যক্রম খোলা রাখা উচিত।