ছুটির পর প্রথম কার্যদিবসেই শেয়ারবাজারে দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা নয় দিন বন্ধের পর গতকাল রোববার দেশের শেয়ারবাজারে লেনদেন দরপতনের মধ্য দিয়ে শেষ হয়েছে। রমজান মাসের পরিবর্তিত সময়সূচির পর এদিন লেনদেনের সময়সীমা এক ঘণ্টা বাড়লেও এর ইতিবাচক কোনো প্রভাব পড়েনি বাজারে। ফলে শেয়ারবাজারে মূল্যসূচক ও লেনদেন উভয়ই কমেছে।দেশের শেয়ারবাজারে রমজান মাসের পরিবর্তিত সময়সূচি অনুযায়ী সকাল সাড়ে ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত টানা তিন ঘণ্টা লেনদেন চলত। আর গতকাল বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে তিনটা পর্যন্ত টানা চার ঘণ্টা লেনদেন চলে।নিয়মিত সাপ্তাহিক ছুটি, পবিত্র শবে কদর ও ঈদুল ফিতরের কারণে ২৬ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ থাকার পর গতকাল ঊর্ধ্বগতি দিয়েই দিনের লেনদেন শুরু হয়। কিন্তু শেষ পর্যন্ত সেই ধারা আর বজায় ছিল না।ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেন শুরুর প্রথম ১০ মিনিটের মধ্যেই সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৩ পয়েন্ট বেড়ে ছয় হাজার ২৫৫ পয়েন্টে ওঠে। এর পরই পতন শুরু হয়। মাঝে কয়েকবার সূচকে ঘুরে দাঁড়ানোর প্রবণতা দেখা গেলেও তা স্থায়ী হয়নি। ফলে ঢাকার বাজারে সাধারণ সূচক আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে ছয় হাজার ১৯৩ পয়েন্টে এসে লেনদেন শেষ হয়।গতকাল রাজধানী ঢাকার বাণিজ্যিক এলাকা মতিঝিলের কয়েকটি ব্রোকারেজ হাউস ঘুরে দেখা যায়, বিনিয়োগকারীদের উপস্থিতি ছিল খুবই কম। অনেকটাই ছুটির আমেজ ছিল এসব ব্রোকারেজ হাউসে। তাই সেখানকার কর্মকর্তাদের গল্পগুজব ও কম্পিউটারের পর্দায় বাজারের লেনদেন দেখে সময় কাটাতে দেখা গেছে। বাজার-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেছেন, বিনিয়োগকারীদের কম উপস্থিতি গতকালের লেনদেন কমার অন্যতম কারণ। এখনো অনেক বিনিয়োগকারী ঢাকায় ফেরেননি। যাঁরা ফিরেছেন, তাঁদের অনেকে প্রথম দিনে বাজারে খুব বেশি কেনাবেচা করেননি। ছুটির আগের দুই দিন ডিএসইতে ৫০০ কোটি টাকার বেশি লেনদেন হয়েছিল। কিন্তু গতকাল সেটি নেমে এসেছে ৩০৬ কোটি টাকায়। এতে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের চেয়ে ২৩৯ কোটি টাকা কমে গেছে।ডিএসইতে গতকাল ২৫৪টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ১৮৪টিরই দাম কমেছে, বেড়েছে ৫৬টির আর অপরিবর্তিত ছিল ১৪টি কোম্পানির শেয়ারের দাম।ডিএসইতে গতকাল লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় ছিল লাফার্জ সুরমা সিমেন্ট, তিতাস গ্যাস, বেক্সিমকো, স্কয়ার ফার্মা, সিটি ব্যাংক, কেয়া কসমেটিকস, ন্যাশনাল ব্যাংক লিমিটেড, ইউনাইটেড এয়ার, ওয়ান ব্যাংক ও এমআই সিমেন্ট।এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক গতকাল ৮৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৫৮৬ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ১৭৪ কোম্পানির মধ্যে ১৩৯টিরই দাম কমেছে, বেড়েছে ৩০টির আর অপরিবর্তিত ছিল পাঁচটি কোম্পানির শেয়ারের দাম। দিনশেষে সিএসইতে ৩৯ কোটি টাকার লেনদেন হয়, যা আগের কার্যদিবসের চেয়ে ১৮ কোটি টাকা কম।