ছুটির পর প্রথম দিনে ব্যাংকে লেনদেন কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো কাটেনি ছুটির আমেজ। দীর্ঘ ছয় দিন ঈদ ও পূজার ছুটির পর গতকাল রোববার ব্যাংক খুললেও প্রথম দিনে লেনদেন ছিল তুলনামূলক কম। খবর বাসসের।
অধিকাংশ কর্মকর্তা উপস্থিত থাকলেও তাঁদের ছিল না কাজের তাড়া। কিছুটা আয়েশেই ছুটির পর কাজের প্রথম দিন পার করেছেন ব্যাংক কর্মকর্তারা।
রাজধানীর বাণিজ্যিক এলাকা মতিঝিলে কয়েকটি ব্যাংকে গিয়ে দেখা যায়, সেখানে ব্যবসায়ীরা ভিড় করলেও সাধারণ গ্রাহকের উপস্থিতি ছিল একেবারে কম। দীর্ঘ ছুটির পর এ দিন ব্যবসায়ীদের মূলত আমদানি-রপ্তানিসংক্রান্ত ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে দেখা যায়।
এ প্রসঙ্গে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি ও বেসরকারি এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নূরুল আমীন বাসসকে বলেন, ঈদ ও পূজার ছুটির আমেজ এখনো পুরোপুরি কাটেনি। এ জন্য ব্যাংকে সাধারণ গ্রাহকের তেমন উপস্থিতি নেই। ফলে লেনদেন কম হয়েছে। তিনি জানান, বিল কাউন্টারে গ্রাহকদের উপস্থিতি ছিল বেশি। গ্রাহকেরা টাকা উত্তোলনের চেয়ে জমাও দিয়েছেন বেশি।
বাংলাদেশ ব্যাংকের কাউন্টারেও লেনদেন ছিল একেবারে কম।