ছুটির পর প্রথম দিনে বড় ধরনের পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছুটির পর প্রথম লেনদেন দিবসে দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। সেই সঙ্গে লেনদেনও আশঙ্কাজনক হারে কমে গেছে।
দুর্গাপূজা, ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে ১১ অক্টোবর থেকে নয় দিন টানা বন্ধের পর গতকাল রোববার থেকে শেয়ারবাজারে আবারও লেনদেন শুরু হয়। আর এই দিনই বাজারে বড় ধরনের নেতিবাচক ধাক্কা লাগে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল এক দিনেই ৭২ পয়েন্ট বা প্রায় ২ শতাংশ কমেছে। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক কমেছে ১৯৯ পয়েন্ট বা ১ দশমিক ৬৮ শতাংশ।
বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, দেশের চলমান রাজনৈতিক অনিশ্চয়তার নেতিবাচক প্রভাব পড়েছে বাজারে। এই অবস্থায় বাজারে নতুন করে বিনিয়োগ আসছে না। অন্যদিকে সক্রিয় বিনিয়োগকারীদের অনেকে নিষ্ক্রিয় হয়ে পড়েছেন।
জানতে চাইলে বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) সভাপতি মোহাম্মদ এ হাফিজ প্রথম আলোকে বলেন, নির্বাচন ঘিরে দেশের রাজনীতিতে যে শঙ্কা ও অনিশ্চয়তা বিরাজ করছে তারই নেতিবাচক প্রভাব বাজারে পড়েছে। রাজনৈতিক অনিশ্চয়তার কারণে কেউই বাজারে নতুন করে বিনিয়োগের সাহস পাচ্ছেন না। এর ফলে সূচক ও লেনদেন উভয়ই কমে গেছে।
মোহাম্মদ এ হাফিজ আরও বলেন, রাজনৈতিক সমস্যার যত দ্রুত সমাধান হবে তা দেশ ও শেয়ারবাজারের জন্য ততই মঙ্গলজনক। এই সমস্যার সমাধান হয়ে গেলে বাজারে আবারও গতি ফিরে আসবে।
এদিকে রোববার দিনের শেষে ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১১০ কোটি টাকা। গত সাড়ে পাঁচ মাসের মধ্যে এটিই সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ৬ মে ডিএসইতে ১০৮ কোটি টাকার লেনদেন হয়েছিল।
ঢাকার বাজারে গতকাল ২৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২৯টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ২৮টির আর অপরিবর্তিত ছিল ২১টির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ আগের কার্যদিবসের ১০৯ কোটি টাকা কমেছে। আর সূচক ডিএসইএক্স কমে দাঁড়িয়েছে তিন হাজার ৭৭২ পয়েন্টে।
চট্টগ্রামের বাজারে এই দিন ১৯১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৬৫টিরই দাম কমেছে, বেড়েছে মাত্র ১৮টির আর অপরিবর্তিত ছিল আটটির দাম। দিনের শেষে সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ১২ কোটি টাকা। ঢাকার মতো সিএসইতেও এটি পাঁচ মাসের ব্যবধানে সর্বনিম্ন লেনদেন। এর আগে সর্বশেষ গত ৬ মে চট্টগ্রামের বাজারে ১১ কোটি ৮৯ লাখ টাকা সর্বনিম্ন লেনদেন হয়েছিল।