ছেঁড়া-ফাটা নোট ও ধাতব মুদ্রা না নিলে ব্যবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ছেঁড়া-ফাটা নোট গ্রহণের জন্য ব্যাংকগুলোকে আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক এও বলেছে, যদি কোনো ব্যাংক এ নির্দেশনা লঙ্ঘন করে, তবে ব্যাংক কোম্পানি আইনের আওতায় ওই ব্যাংককে অর্থদণ্ডে দণ্ডিত করা হবে। গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগ থেকে এ নির্দেশনা জারি করা হয়।
নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকের কাছ থেকে ১, ২ ও ৫ টাকা মূল্যমানের ধাতব মুদ্রা ও কাগুজে নোট গ্রহণের জন্য এর আগেও তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকগুলো যথাযথভাবে সেই নির্দেশনা পরিপালন করছে না বলে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন মারফতে জানতে পেরেছে। কোনো কোনো ব্যাংক গ্রাহকের কাছ থেকে ধাতব মুদ্রা গ্রহণ করছে না। ফলে সাধারণ মানুষের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।
তাই জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে তফসিলি ব্যাংকগুলোকে গ্রাহকের কাছ থেকে যেকোনো মূল্যমানের ধাতব মুদ্রা ও ছেঁড়া-ফাটা নোট গ্রহণের বিষয়টি নিশ্চিত করতে বলেছে বাংলাদেশ ব্যাংক। অন্যথায় আইন অনুযায়ী অর্থদণ্ড আরোপ করা হবে।
এ ছাড়া অপর এক নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নরসিংদীর মাধবদী পৌরসভা নির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকার তফসিলি ব্যাংকের সব শাখা আজ মঙ্গলবার বন্ধ থাকবে। কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে গতকাল এ নির্দেশনা জারি করা হয়েছে। মাধবদী পৌরসভার মেয়র, সাধারণ ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পদে আজ পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে।