ছেঁড়াফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ছেঁড়াফাটা ও ময়লাযুক্ত সব ধরনের নোট গ্রাহকের কাছ থেকে গ্রহণ করার জন্য দেশের সব ব্যাংককে আবারও নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সব ধরনের নোট গ্রহণের পাশাপাশি সেগুলোর যথাযথ বিনিময়মূল্য গ্রাহকদের দিতে বলা হয়েছে। এ ছাড়া ধাতব মুদ্রা গ্রহণ এবং বিতরণেরও নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের মুদ্রা ব্যবস্থাপনা বিভাগ থেকে গতকাল সোমবার এ-সংক্রান্ত নির্দেশনা তফসিলি সব ব্যাংকের শীর্ষ নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। তাতে বলা হয়েছে, এর আগেও ব্যাংকগুলোকে এ ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাংকগুলো ওই নির্দেশনা যথাযথভাবে পরিপালন করছে না। এ কারণে জনসাধারণের স্বাভাবিক লেনদেনে বিঘ্ন ঘটছে এবং বিড়ম্বনায় পড়তে হচ্ছে।
গ্রাহকদের অভিযোগ, বিভিন্ন ব্যাংক অনেক সময় সাধারণ মানুষের কাছ থেকে নিম্ন মূল্যমান, ছেঁড়াফাটা ও ময়লাযুক্ত নোট গ্রহণ করে না। যার কারণে গ্রাহকেরা এসব নোটের বিনিময়মূল্যও পান না। এ ছাড়া ব্যাংকগুলো গ্রাহকের কাছ থেকে ধাতব মুদ্রা গ্রহণ এবং বিতরণেও অনীহা দেখায়। ভুক্তভোগী অনেক গ্রাহক বাংলাদেশ ব্যাংককে এসব অভিযোগ জানিয়েছে। সেসব অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ ব্যাংক পুনরায় নির্দেশনাটি জারি করেছে।
নির্দেশনায় ব্যাংকগুলোকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, যেসব ব্যাংক এখন থেকে গ্রাহকের কাছ থেকে ছেঁড়াফাটা, ময়লাযুক্ত নোট গ্রহণ ও বিনিময়মূল্য প্রদানে অনীহা দেখাবে, তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশে ১ পয়সা, ৫ পয়সা, ১০ পয়সা, ২৫ পয়সা, ৫০ পয়সা, এক টাকা, দুই টাকা ও পাঁচ টাকা মূল্যমানের আট ধরনের ধাতব মুদ্রা রয়েছে। তবে অনেকগুলো ধাতব মুদ্রার ব্যবহার এখন প্রায় হারিয়ে গেছে। ধাতব মুদ্রার বাইরে ১ টাকা, ২ টাকা, ৫ টাকা, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা, ৫০০ টাকা ও এক হাজার টাকা মূল্যমানের মোট নয় ধরনের কাগুজে নোট রয়েছে।