ছেঁড়া-ফাটা নোট না নেওয়ার দায় এমডির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের কাছ থেকে বিভিন্ন মূল্যমানের ছেঁড়া-ফাটা, ময়লাযুক্ত নোট এবং ধাতব মুদ্রা গ্রহণের জন্য ব্যাংকগুলোকে আবারও কঠোর নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলেছে, যদি কোনো ব্যাংক এ নির্দেশনা লঙ্ঘন করে, তবে তার দায়দায়িত্ব বর্তাবে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) ওপর। তাঁদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
নির্দেশনায় বলা হয়েছে, গ্রাহকের কাছ থেকে ছেঁড়া-ফাটা, ময়লাযুক্ত নোট এবং ধাতব মুদ্রা গ্রহণের জন্য এর আগেও তফসিলি ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংকগুলো যথাযথভাবে সেই নির্দেশনা পরিপালন করছে না বলে পত্রপত্রিকা, ব্যক্তিগত অভিযোগ ও দূরালাপনীর মাধ্যমে বাংলাদেশ ব্যাংক জানতে পেরেছে। কোনো কোনো ব্যাংক ছেঁড়া-ফাটা, ময়লাযুক্ত নোট এবং ধাতব মুদ্রা বিনিময়মূল্য প্রদানে অনীহা প্রকাশ করছে। ফলে সাধারণ মানুষের আর্থিক লেনদেনের ক্ষেত্রে বিঘ্ন ঘটছে।
নির্দেশনায় বলা হয়, তাই জনসাধারণের স্বাভাবিক ও সুষ্ঠু লেনদেন অব্যাহত রাখার স্বার্থে তফসিলি ব্যাংকগুলোকে গ্রাহকের কাছ মূল্যমান নির্বিশেষে সব ধরনের নোট গ্রহণ, বিধি মোতাবেক ছেঁড়া-ফাটা ও ময়লাযুক্ত নোটের বিনিময়মূল্য প্রদান এবং গ্রাহকদের ধাতব মুদ্রা গ্রহণ ও বিতরণের বিষয়টি নিশ্চিত করতে পুনরায় কঠোর নির্দেশনা প্রদান করা হলো। এই নির্দেশনা লঙ্ঘিত হলে এর দায়দায়িত্ব সংশ্লিষ্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের ওপর বর্তাবে।