ছোট ফ্ল্যাট খুঁজছেন ক্রেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলায় (ঘড়ির কাঁটার দিকে) আবাসন প্রতিষ্ঠান সিপিডিএল, স্যানমার, এবিসি ও এয়ারবেলের স্টলে ক্রেতা–দর্শনার্থীদের ভিড়। গতকাল তোলা ছবি l প্রথম আলো
চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলায় (ঘড়ির কাঁটার দিকে) আবাসন প্রতিষ্ঠান সিপিডিএল, স্যানমার, এবিসি ও এয়ারবেলের স্টলে ক্রেতা–দর্শনার্থীদের ভিড়। গতকাল তোলা ছবি l প্রথম আলো

চট্টগ্রামে রিহ্যাবের আবাসন মেলায় অধিকাংশ প্রতিষ্ঠানই মাঝারি ও বড় আয়তনের ফ্ল্যাট নিয়ে এসেছে। তবে চাকরিজীবীসহ নিম্ন-মধ্যম আয়ের ক্রেতারা ছোট ও মাঝারি আয়তনের ফ্ল্যাটই বেশি খুঁজছেন। চাহিদার তুলনায় এ ধরনের ফ্ল্যাটের সংখ্যা কম।
নগরের র্যা ডিসন ব্লু হোটেলে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন (রিহ্যাব) আয়োজিত আবাসন মেলার তৃতীয় দিন গতকাল শনিবার বিকেলে গিয়ে এমনটি দেখা গেল। আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, চট্টগ্রামের মানুষ সাধারণত তিন কামরার বাসা পছন্দ করেন। আবার অন্তত দুটি কক্ষে বাথরুম সংযুক্ত থাকার সুবিধা চান গ্রাহকেরা। এ কারণে বেশির ভাগ আবাসন প্রতিষ্ঠানই ছোট ফ্ল্যাটের চেয়ে মাঝারি আয়তনের ফ্ল্যাট বানাচ্ছে বেশি। ছোট ফ্ল্যাটে খরচও বেশি হয়। সে তুলনায় বিনিয়োগের টাকা উঠে আসে না।
সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গতকাল দুপুরের পর থেকেই ক্রেতা দর্শনার্থীদের ভিড় বাড়তে থাকে। আবাসন প্রতিষ্ঠানের কর্মী ও ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেল, যেসব প্রকল্পে খোলামেলা পরিবেশ, খেলার জায়গা, সম্মেলনকক্ষ, সুইমিং পুল ইত্যাদি সুযোগ-সুবিধা আছে, সেসবে আগ্রহ দেখাচ্ছেন ক্রেতারা। চার দিনের এই মেলা আজ রোববার শেষ হচ্ছে।
মেলায় আবাসন প্রতিষ্ঠান সিপিডিএল নগরের ফিরিঙ্গিবাজার টাউনশিপ ধারণার মতো ‘ডাউন টাউন’ প্রকল্প প্রদর্শন করছে। এই প্রকল্পে তিনটি ভবনে ৯৩০ বর্গফুট থেকে ১,৪৫০ বর্গফুটের ফ্ল্যাট বিক্রি করছে প্রতিষ্ঠানটি। কর্মকর্তা জানালেন, ফয়’স লেকে সার্ভিস অ্যাপার্টমেন্ট ধারণা নিয়ে দ্য গ্যালারিয়া প্রকল্প এনেছেন তাঁরা। এখানে ৩৩০ থেকে ৫১৫ বর্গফুটের এক কক্ষের ছোট ফ্ল্যাট আছে।
সিপিডিএলের ব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন, মেহেদীবাগে ক্রিমসন ক্লোভার প্রকল্প সিপিডিএলের সবচেয়ে আধুনিক প্রকল্প। এক-দুটি ছাড়া সব কটি ফ্ল্যাটই বিক্রি হয়েছে এই প্রকল্পে। খোলামেলা পরিবেশ, খেলার জায়গা, সম্মেলনকক্ষ, সুইমিং পুল, গ্রন্থাগার ও চলচিত্র দেখার মতো ব্যবস্থা রাখা হয়েছে এই প্রকল্পে।
আবাসন প্রতিষ্ঠান স্যানমারের স্টলের খোঁজখবর নিতে আসা ক্রেতা-দর্শনার্থীদের শুরুতেই প্রতিষ্ঠানের কর্মীরা জানিয়ে দিচ্ছেন, মেলায় কোনো ফ্ল্যাট বিক্রি করছেন না। কেবল প্রচারণা চালাচ্ছেন। প্রতিষ্ঠানটির ১৪টি চলমান প্রকল্প রয়েছে।
প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক রেজাউল হক জানান, প্রস্তাবিত এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বিপরীত পাশে ১২৮ কাঠা জায়গার ওপর নান্দনিক আবাসন প্রকল্প হাতে নিয়েছে স্যানমার। ‘লাইফ স্টাইল’ শীর্ষক এ প্রকল্পে ২৬ তলা করে তিনটি ভবনে থাকবে ৪৫৫টি ফ্ল্যাট। ফ্ল্যাটের আয়তন হবে ১,০৫৫ থেকে ২,০৫৫ বর্গফুটের।
কয়েকটি স্টলে খোঁজখবর নিচ্ছিলেন ব্যবসায়ী আবদুল করিম। প্রথম আলোকে তিনি বলেন, ‘আগের চেয়ে কিছুটা দাম কমলেও এখনো ফ্ল্যাটের দাম বেশি। প্রতি বর্গফুট চার হাজার টাকার মধ্যে হলে মধ্যবিত্তের নাগালের মধ্যে থাকবে।’
মধ্যবিত্ত ও উচ্চবিত্ত—এ দুই ধরনের গ্রাহকদের কথা মাথায় রেখে আবাসন প্রতিষ্ঠান অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেড বা এবিসি দুটি প্রকল্প নিয়ে এসেছে মেলায়। প্রতিষ্ঠানটির ফ্ল্যাটের আয়তন ১ হাজার ৮৬৫ বর্গফুট থেকে ৪ হাজার বর্গফুট। নগরের এসএস খালেদ রোডে পাহাড়ের কোলে এবিসি মাহবুব হিলস এবং পাঁচলাইশে অভিজাতদের জন্য ‘এবিসি ক্রসউইন্ডস কনডোমিনিয়াম’ নামে দুটি প্রকল্প আছে।
এবিসির সহকারী মহাব্যবস্থাপক জুনায়েদ আহসান প্রথম আলোকে বলেন, এবিসি মাহবুব হিলস-এ তিনটি ভবনে ৬৮টি ফ্ল্যাটের ৮০ শতাংশই বিক্রি হয়েছে।
আবাসন প্রতিষ্ঠান এয়ারবেল এবারের মেলায় ছয়টি প্রকল্প প্রদর্শন করছে। তাদের এসব প্রকল্পে আছে চার শতাধিক ফ্ল্যাট। এলাকাভেদে প্রতি বর্গফুটের দাম ৩ হাজার ৮০০ থেকে ৭ হাজার টাকা। ফ্ল্যাট বুকিং দিলেই গাড়িসহ নানা সুযোগ-সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।
এয়ারবেল ডেভেলপমেন্ট টেকনোলজিস লিমিটেডের জ্যেষ্ঠ নির্বাহী কাউছার আহমেদ বলেন, কাতালগঞ্জে ‘এয়ারবেল স্বপ্নছায়া’ সবচেয়ে বড় প্রকল্প। প্রায় ১,৪০০ থেকে ১,৭০০ বর্গফুট আয়তনের ১১৭টি ফ্ল্যাট আছে এই প্রকল্পে। তবে মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখে এয়ারবেল ৮৫১ বর্গফুট আয়তনের ছোট ফ্ল্যাটও বিক্রি করছে বলে জানান তিনি।