ছোট ব্যবসায়ীদের স্বস্তি মিলবে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ জুলাই থেকে নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাস্তবায়ন হবে না। সেটির বাস্তবায়ন এক বছর পিছিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এই এক বছর খেসারত গুনতে হবে ছোট ব্যবসায়ী ও দোকানদের। কারণ, প্যাকেজ মূসকের পরিমাণ দ্বিগুণ করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী, ঢাকা ও চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকার ব্যবসায়ীদের আগামী অর্থবছরে প্যাকেজ মূসক দিতে হবে বার্ষিক ২৮ হাজার টাকা। এখন তাঁরা ১৪ হাজার টাকা দেন। খুলনা, রাজশাহী, রংপুর, সিলেটসহ অন্য সিটি করপোরেশন এলাকায় প্যাকেজ মূসকের পরিমাণ ২০ হাজার টাকা করা হয়েছে। আর জেলা শহরের পৌর এলাকায় ছোট ব্যবসায়ী ও দোকানদারদের ৭ হাজার ২০০ টাকার পরিবর্তে ১৪ হাজার টাকা দিতে হবে। দেশের অন্য এলাকায় প্যাকেজ মূসকের পরিমাণ ৭ হাজার টাকায় উন্নীত করা হয়েছে। বর্তমানে এর পরিমাণ ৩ হাজার ২০০ টাকা।
তবে কোনো ব্যবসায়ী যদি প্রকৃত মূল্য সংযোজনের ভিত্তিতে কর দিতে আগ্রহী হন, প্যাকেজ মূসক তাঁদের না দিলেও চলবে। নতুন আইন অনুযায়ী তখন তাঁরা উপকরণ কর রেয়াত নেওয়ার সুযোগ পাবেন।
আগামী অর্থবছর থেকে নতুন মূসক আইন বাস্তবায়ন করার কথা ছিল। সেই আইনে প্যাকেজ মূসকব্যবস্থা বাতিল করে পণ্য ও সেবা আমদানি কিংবা উৎপাদন, সরবরাহ ও খুচরা পর্যায়ে ১৫ শতাংশ করে মূসক আরোপের কথা রয়েছে। ব্যবসায়ীরা প্যাকেজ মূসক রাখার দাবি করে আসছিল। এই আইন বাস্তবায়ন না করে প্যাকেজ মূসকব্যবস্থা বহাল রাখার দাবিতে ছোট ব্যবসায়ীরা কয়েক দিন ধরে রাজপথে বিভিন্ন কর্মসূচিও পালন করেছেন।
প্যাকেজ মূসক থেকে এনবিআর খুব বেশি অর্থ পায় না। এ খাত থেকে প্রতিবছর গড়ে ১০ কোটি টাকার মতো রাজস্ব আসে। মূলত ছোট দোকানদার ও খুচরা ব্যবসায়ীরা বার্ষিক থোক হিসেবে এ প্যাকেজ মূসক দেন। বর্তমানে আড়াই লাখ প্রতিষ্ঠানের মূসক নিবন্ধন আছে। এর মধ্যে মাত্র ৬৮ হাজার প্রতিষ্ঠান প্যাকেজ মূসক দেয়। নতুন আইনে প্যাকেজ মূসকব্যবস্থা বাতিল করে ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক টার্নওভারে মূসক অব্যাহতির সুযোগ রাখা হয়েছে।
কেন ঘোষণা দিয়েও ১ জুলাই থেকে নতুন মূসক আইন কার্যকর করা হচ্ছে না—এর ব্যাখ্যা অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় দিয়েছেন। তিনি বলেছেন, নতুন ব্যবস্থায় উৎপাদন-প্রক্রিয়ায় প্রতি স্তরে মূসক প্রয়োগ করার স্বার্থে উৎপাদনকারী ও সেবাদানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের নিম্ন পর্যায়ে যথাযথ হিসাব রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু এ জন্য এখন পর্যন্ত প্রস্তুতি যথাযথ নয়। এ পরিপ্রেক্ষিতে সরকার সিদ্ধান্ত নিয়েছে, ২০১৬-১৭ সালে নতুন মূসক পুরোপুরি কার্যকর হবে না, পুরোপুরি কার্যকর হবে ২০১৭ সালের ১ জুলাই থেকে।
তবে আগামী এক বছর ব্যবসায়ীদের সব স্তরে হিসাব রাখার ব্যবস্থাটি পাকাপাকি করার তাগিদ দেন অর্থমন্ত্রী। তিনি এ-ও ঘোষণা দেন, আগামী অর্থবছর থেকেই ভ্যাট অনলাইন প্রকল্প বাস্তবায়ন হবে। ঘরে বসেই মূসক নিবন্ধন, রিটার্ন দাখিল, কর পরিশোধ করা যাবে।

প্যাকেজ মূসক
ঢাকা ও চট্টগ্রাম ২৮ হাজার টাকা
সিটি করপোরেশন
অন্য সিটি করপোরেশন ২০ হাজার টাকা
জেলা শহর ১৪ হাজার টাকা
অন্য এলাকা ৭ হাজার টাকা