মধ্যবিত্ত শ্রেণির ক্রেতারা খুঁজছেন ছোট থেকে মাঝারি আয়তনের ফ্ল্যাট। ক্রেতাদের চাহিদা সামনে রেখে আবাসন প্রতিষ্ঠানগুলোও হাজির হয়েছে এমন আয়তনের প্রকল্প নিয়ে। তবে নির্মাতা প্রতিষ্ঠান, প্রকল্প এলাকা এবং টাকা পরিশোধের পদ্ধতি ইত্যাদির ওপরে ফ্ল্যাটের দামে বেশ হেরফের।
রাজধানীর শেরেবাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব আয়োজিত শীতকালীন আবাসন মেলা বেশ জমে উঠেছে। মেলার দ্বিতীয় দিনে গতকাল বৃহস্পতিবার বিভিন্ন স্টল ঘুরে দেখা যায়, ক্রেতাদের বড় অংশের চাহিদা ছোট থেকে মাঝারি আয়তনের ফ্ল্যাট।
মেলায় আসা ক্রেতা ও দর্শনার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, চাহিদার তুলনায় ছোট ফ্ল্যাট সংখ্যায় বেশ কম। আর ফ্ল্যাটের দামও বেশি। ছোট-মাঝারির পাশাপাশি বড় ফ্ল্যাটের খোঁজেও ক্রেতারা মেলায় আসছেন। আবার ঢাকার আশপাশে জমি কেনার ব্যাপারে উৎসাহী এমন ক্রেতাও মেলায় ভিড় করছেন।
মেলায় অংশ নেওয়া বিভিন্ন আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তারা বলছেন, রাজধানীর সব এলাকায় জমির দাম এক রকম না। প্রকল্প কোন এলাকায় অবস্থিত, সেটি ফ্ল্যাটের দামে ভূমিকা রাখে। মিরপুর ও উত্তরা এলাকায় ছোট ও মাঝারি আয়তনের ফ্ল্যাট বেশি এবং এসব এলাকার ফ্ল্যাটের দাম মধ্যবিত্তদের নাগালের মধ্যেই বলে তাঁরা দাবি করেন।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, এবারের মেলায় ক্রেতা ও দর্শনার্থীর উপস্থিতি বেশ ভালো। প্রথম দিনের মতো গতকাল সকাল থেকেই মেলায় অনেক ক্রেতা-দর্শনার্থীর উপস্থিতি ছিল। বিকেল গড়াতে তা আরও বাড়ে। আয়োজকদের প্রত্যাশা আজ ও কাল সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতা-দর্শনার্থীর ভিড় বাড়বে।
উত্তরা থেকে মেলায় এসেছেন সালিমুল হক। উদ্দেশ্য মাঝারি আকারের ফ্ল্যাটের দরদাম দেখা। পছন্দ হলে বুকিং দেওয়ার পরিকল্পনা আছে বলে জানালেন। সালিমুল বলেন, ‘প্রতি বর্গফুটের দাম ৫ হাজার থেকে ৬ হাজার টাকা এমন ফ্ল্যাট খুঁজছি। ১ হাজার ২০০ থেকে ৪০০ বর্গফুটের মধ্যে হলে ভালো হয়। বেশ কিছু প্রতিষ্ঠানেরই এমন ফ্ল্যাট আছে দেখলাম। আরেকটু দেখে সিদ্ধান্ত নেব।’
হামিদ রিয়েল এস্টেট: প্রিয়প্রাঙ্গণসহ রাজধানীর বিভিন্ন এলাকার ১০টি প্রকল্প নিয়ে মেলায় এসেছে হামিদ রিয়েল এস্টেট।
বাড্ডা, নর্দ্দা বারিধারা, মালিবাগ চৌধুরীপাড়া, উত্তরা এলাকায় অবস্থিত এসব প্রকল্প। ১ হাজার ২৭৬ বর্গফুট থেকে ২ হাজার ২০০ বর্গফুট আয়তনের এসব ফ্ল্যাট। প্রতি বর্গফুটের দাম ৫ হাজার ৮০০ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত।
উত্তরাতেই প্রিয়প্রাঙ্গণের পাঁচটি প্রকল্প। উত্তরার ৩, ৭, ৯ ও ১০ নম্বর সেক্টরে অবস্থিত এসব প্রকল্পে সর্বনিম্ন ১ হাজার ৮২৫ বর্গফুট আয়তনের ফ্ল্যাট আছে।
হামিদ গ্রুপের সহকারী ব্যবস্থাপক (বিক্রয়) আমজাদ হোসেন প্রথম আলোকে বলেন, মেলার প্রথম দুই দিনে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। প্রিয়প্রাঙ্গণের বেশির ভাগ প্রকল্পের ফ্ল্যাট ছোট ও মাঝারি আয়তনের। মধ্যবিত্তদের কথা মাথায় রেখেই এসব প্রকল্প নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন (এবিসি): গুলশান, উত্তরা, বারিধারা, উত্তরা, মিরপুর, বেইলি রোডসহ বিভিন্ন এলাকায় থাকা প্রকল্পগুলো নিয়ে মেলায় হাজির হয়েছে এবিসি লিমিটেড। ১ হাজার ৪০০ থেকে ৫ হাজার ৫০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে এসব প্রকল্পে। নাখালপাড়া, মিরপুর সেনপাড়া এবং উত্তরা এলাকায় থাকা প্রকল্পের ফ্ল্যাটগুলো মাঝারি আয়তনের। প্রতি বর্গফুটের দাম ৬ হাজার ৫০০ থেকে ২৪ হাজার টাকা পর্যন্ত।
এবিসি লিমিটেডের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিক্রয়) মোহাম্মদ আক্কাস আলী প্রথম আলোকে বলেন, এবিসি বিল্ডার্স মানের ক্ষেত্রে কোনো আপস করে না এবং এবিসির প্রকল্পগুলো ভালো লোকেশনে হওয়ায় দাম কিছুটা বেশি। মেলা উপলক্ষে ৫ লাখ টাকায় ফ্ল্যাট বুকিং দিলে কিচেন কেবিনেট ও কিস্তিতে মূল্য পরিশোধে বিশেষ সুবিধা দেওয়া হচ্ছে। এবিসি বিল্ডার্স আবাসিক ছাড়াও বেশ কয়েকটি বাণিজ্যিক প্রকল্প মেলায় নিয়ে এসেছে।
ইস্টার্ন হাউজিং: ইস্টার্ন হাউজিংয়ের আবাসিক প্রকল্পে ১ হাজার ৩৯ বর্গফুট আয়তনের ফ্ল্যাট পাওয়া যাচ্ছে। বনানীতে অবস্থিত ইস্টার্ন লিমিটেডের প্রকল্পটিতে ২ হাজার ৪০০ বর্গফুটের ফ্ল্যাট আছে। রমনার সার্কিট হাউস রোড, লালমাটিয়া, উত্তরা, নিকেতন, বনানী, বারিধারা, বসুন্ধরায় অবস্থিত ইস্টার্ন হাউজিংয়ের আবাসিক প্রকল্পগুলো। এ ছাড়া গুলশান, বিজয়নগর এবং কমলাপুরে বাণিজ্যিক ভবনের প্রকল্পও মেলায় এনেছে ইস্টার্ন হাউজিং।
ইস্টার্ন হাউজিংয়ের ব্যবস্থাপক সুমন কুমার সাহা প্রথম আলোকে বলেন, বেশ কিছু দিন ধরে আবাসন ব্যবসায় একধরনের মন্দা চলছে। এবারের মেলা আবাসন ব্যবসা ঘুরে দাঁড়াতে ভূমিকা রাখবে। এবারের মেলায় মোট ১১টি আবাসিক প্রকল্প নিয়ে এসেছে ইস্টার্ন হাউজিং। আর তিনটি বাণিজ্যিক প্রকল্প। মেলা উপলক্ষে বিশেষ ছাড় দিচ্ছে ইস্টার্ন হাউজিং।
ক্রিডেন্স হাউজিং: গ্রিন রোড, মোহাম্মদপুর, লালমাটিয়া, ইন্দিরা রোড, মিরপুরে অবস্থিত ক্রিডেন্সের প্রকল্পগুলোতে ১ হাজার ৪০০ থেকে ২ হাজার বর্গফুট আয়তনের ফ্ল্যাট রয়েছে। মধ্যবিত্তের ক্রয়ক্ষমতা বিবেচনা করেই এসব প্রকল্প নেওয়া হয়েছে। মূল্য পরিশোধের পদ্ধতির ওপর ফ্ল্যাটের দাম নির্ভর করবে বলে ক্রিডেন্সের কর্মকর্তারা জানান।
ক্রিডেন্সের ব্যবস্থাপক (পরিকল্পনা) মোহাম্মদ রবিউল ইসলাম প্রথম আলোকে বলেন, মেলায় মিরপুর ও মোহাম্মদপুর এলাকা থেকে আসা দর্শনার্থী বেশি থাকে। তাঁদের চাহিদাও থাকে ছোট ও মাঝারি ফ্ল্যাট। তাঁদের কথা ভেবেই ক্রিডেন্স ছোট ও মাঝারি আয়তনের ফ্ল্যাট প্রকল্প এনেছে।