ছোট ইলিশ ধরার ওপর পশ্চিমবঙ্গে নিষেধাজ্ঞা জারি
ভারতের কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গে ছোট ইলিশ (বাংলাদেশে জাটকা বলা হয়) ধরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইলিশের উৎপাদন বাড়াতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়।এ ব্যাপারে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শারদ পাওয়ার ইতিমধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কাছে একটি নির্দেশনা পাঠিয়েছেন। এতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে জেলেরা যে জাল দিয়ে ইলিশ ধরছেন, তাও পরীক্ষা করে দেখতে বলা হয়েছে। কারণ, জেলেরা অত্যন্ত ছোট ছিদ্রের জালের সাহায্যে প্রতিনিয়ত ছোট ইলিশ ধরছেন।খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন স্থানে প্রতি কিলোগ্রাম ছোট ইলিশ ১৫০ থেকে ২০০ রুপি দরে বিক্রি হচ্ছে। এ ধরনের প্রতিটি ইলিশের ওজন সাধারণত ২০০ থেকে ৩০০ গ্রাম হয়ে থাকে।এদিকে দুর্গাপূজা উপলক্ষে কলকাতায় আজ সোমবার রাতে মিয়ানমার থেকে বিমানযোগে দুই হাজার কেজি ইলিশ আমদানি হচ্ছে। মিয়ানমারের ইরাবতী নদীতে ধরা পড়া এই ইলিশ আগামীকাল মঙ্গলবার নবমী পূজার দিন কলকাতার বাঙালিদের পাতে উঠবে। পশ্চিমবঙ্গের মৎস্য প্রতিমন্ত্রী সুব্রত সাহা এ তথ্য জানিয়েছেন।