ছোট উদ্যোক্তারা বড় বিপদে

২৬-৭৫ শতাংশ সিএমএসএমই কোনো না কোনোভাবে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ৯৭ শতাংশ প্রতিষ্ঠান কম সক্ষমতায় উৎপাদন চালাচ্ছে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের বাজারে বহুমুখী পাটপণ্য উৎপাদন ও বাজারজাত করে জুট মার্ট অ্যান্ড ক্রাফট ইন বাংলাদেশ। ঢাকার বনশ্রীতে প্রতিষ্ঠানটির কারখানায় কাজ করতেন ১০-১২ জন কর্মী। গত বছরের মার্চে করোনা শুরু হওয়ার পর তাদের ৯৫ শতাংশ ক্রয়াদেশ বাতিল হয়ে যায়। নতুন ক্রয়াদেশও আসছিল না। প্রণোদনা তহবিল থেকে ঋণ পেতে আবেদন করেও সাড়া পাননি প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী খালেদা সুলতানা।

ব্যবসা টিকিয়ে রাখতে কারখানা ছোট করে মহানগর প্রজেক্টে নিয়ে আসেন খালেদা সুলতানা। খরচ কমাতে কর্মীও কমিয়ে দুজনে নিয়ে আসেন। তবে চুক্তিভিত্তিক কর্মী আছেন ২০-২৫ জন। ধীরে ধীরে আবার ক্রয়াদেশ আসতে শুরু করে। যুক্তরাষ্ট্র থেকে একটি রপ্তানির ক্রয়াদেশ পাওয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত।

জানতে চাইলে খালেদা সুলতানা প্রথম আলোকে বলেন, ‘চলতি মূলধন জোগানোই বর্তমানে বড় সমস্যা। ক্রয়াদেশ পেলেও অর্থসংকটের কারণে পণ্য উৎপাদন করা

চ্যালেঞ্জিং। অথচ মাসে এক লাখ টাকা চলতি মূলধন থাকলেই আমার প্রতিষ্ঠান ভালোভাবে পরিচালনা করা যায়।’

জুট মার্টের মতো করোনায় ক্ষতিগ্রস্ত কুটির, ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান (সিএমএসএমই) বিপদে রয়েছে। তাদের অধিকাংশই সরকার

ঘোষিত প্রণোদনা তহবিল থেকে কোনো ধরনের সহায়তা পাননি। লকডাউনের কারণে অনেকের ব্যবসা চালিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে।

যারা টিকে আছে, তারাও চলতি মূলধন নিয়ে সমস্যায় আছে।

সারা দেশে কমপক্ষে ৭৮ লাখ সিএমএসএমই প্রতিষ্ঠান রয়েছে। তার মধ্যে ৪ হাজার ২০০ প্রতিষ্ঠানের ওপর সম্প্রতি জরিপ চালিয়েছে ঢাকা চেম্বার। জরিপের তথ্যানুযায়ী, ২৬-৭৫ শতাংশ সিএমএসএমই কোনো না কোনোভাবে করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের মধ্যে ৯৭ শতাংশই বর্তমানে কম সক্ষমতায় উৎপাদন কার্যক্রম চালাচ্ছে।

জানতে চাইলে ঢাকা চেম্বারের সভাপতি রিজওয়ান রাহমান প্রথম আলোকে বলেন, করোনার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে সরকার প্রণোদনা তহবিল দিয়েছিল। সেই তহবিলের অধিকাংশ অর্থই বৃহৎ ও মাঝারি প্রতিষ্ঠানগুলো নিয়ে নিয়েছে। ব্যাংক ও গ্রাহকের সম্পর্ক, কাগজপত্রের জটিলতার জন্য ছোটরা তেমন কিছু পায়নি। বাংলাদেশ ব্যাংকের উচিত অর্থনীতিতে যে খাতের যতটুকু অবদান, সে অনুযায়ী ঋণ বিতরণে বাণিজ্যিক ব্যাংকগুলোকে বাধ্য করা। একই সঙ্গে করোনা শেষ না হওয়া পর্যন্ত ঋণ পরিশোধের বিষয়ে সিএমএসএমই উদ্যোক্তাদের ছাড় দেওয়াও জরুরি।

করোনায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, পর্যটন, হোটেল-রেস্তোরাঁ, পরিবহনসহ কয়েকটি খাত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। করোনা

দীর্ঘায়িত হওয়ায় এসব খাতের প্রতিষ্ঠানের পক্ষে টিকে থাকাই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তারা প্রণোদনা তহবিল থেকে সহায়তা পেয়েছে, এমন উদাহরণ খুবই কম।

পর্যটন খাতের মধ্যে সবচেয়ে বেশি বিপদে আছে ট্যুর অপারেটর প্রতিষ্ঠান। করোনার কারণে এক বছরের বেশি সময় ধরে দেশ-বিদেশে পর্যটক পাঠাতে পারছে না তারা। ফলে বাধ্য হয়ে দিনের পর দিন হাত গুটিয়ে বসে থাকতে হচ্ছে।

ট্যুর অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টোয়াব) সভাপতি মো. রাফেউজ্জামান বলেন, করোনা যত দীর্ঘ হবে, ততই এ খাতের ছোট উদ্যোক্তাদের ব্যবসায় টিকে থাকা কঠিন হবে। ইতিমধ্যে অনেকে ব্যবসা বদলের চিন্তা করছে।

জানতে চাইলে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, করোনায় ছোট উদ্যোক্তারা বেশি সমস্যায় পড়েছে। অধিকাংশের ব্যবসার পরিমাণ কমে গেছে। দোকানভাড়া বা ব্যাংকঋণ দিতে না পারায় অনেকের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। গত তিনটি উৎসবে ভালো ব্যবসা না হওয়ায় ছোটরা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ছোট উদ্যোক্তাদের সমস্যা নিরসনে এসএমই ফাউন্ডেশনকে স্মার্ট সংস্থা হিসেবে গড়তে হবে। সরকারের তরফ থেকে নিয়মিত বাজেট

বরাদ্দও প্রয়োজন।