ছোট ছোট সঞ্চয়ে ভবিষ্যতের বড় স্বপ্ন শিক্ষার্থীদের চোখে
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুলের শিক্ষার্থী মঞ্জিমা তানজিল চৈতি। ভবিষ্যতে উচ্চশিক্ষা গ্রহণের ইচ্ছা তার মনে। তাও আবার নিজের টাকায়। তাই শিক্ষার প্রাথমিক ধাপ স্কুলজীবন থেকে শুরু করেছে অর্থ সঞ্চয়। বিভিন্ন অনুষ্ঠান ও হাতখরচের টাকার একটি অংশ সে নিয়মিতভাবে সঞ্চয় করে যাচ্ছে। স্কলাসটিকা স্কুলের দশম শ্রেণীর ছাত্রী সিমরান তাবাসসুম আলী। ২০১১ সালে নিজের নামে একটি ব্যাংক হিসাব খুলেছে। স্কুল ব্যাংকিংয়ের আওতায় সে এই হিসাব খোলে। এই হিসাবে সঞ্চিত অর্থের একটি অংশ সে এখনই ব্যয় করছে দরিদ্র শিক্ষার্থীদের লেখাপড়ায়। আর ক্যামব্রিয়ান স্কুলের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী শেখ নাফিস মোকতাদিরের স্বপ্ন তাদের সঞ্চয়ের টাকা ব্যয় হবে দেশের উন্নয়নে। পদ্মা সেতুসহ বড় বড় উন্নয়ন প্রকল্পে। চৈতি, সিমরান ও নাফিসের মতো শিক্ষার্থীরা প্রতিদিনের হাতখরচের টাকা থেকেই গড়ছে সঞ্চয়। এই সঞ্চয় তাদের ভবিষ্যতের নানা স্বপ্ন দেখার সাহস জোগাচ্ছে। ভবিষ্যতের সেসব স্বপ্নের গল্পই তারা গতকাল শোনাল প্রথমবারের মতো আয়োজিত স্কুল ব্যাংকিং সম্মেলনে। ২০১০ সালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে দেশজুড়ে এ কার্যক্রম শুরু করেছে তফসিলি ব্যাংকগুলো। এর আওতায় গত মার্চ পর্যন্ত ব্যাংকব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে দেশের এক লাখ ৮৭ হাজার স্কুলশিক্ষার্থী। তাদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১১৪ কোটি টাকায়। ২০১০ সালের নভেম্বর মাসে চালু হওয়া স্কুল ব্যাংকিং কার্যক্রমের আওতায় গত ২৯ মাসে এ সঞ্চয় গড়ে উঠেছে।কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০১১ সালের ডিসেম্বর শেষে এ কার্যক্রমের আওতায় ২৯ হাজার ৮০টি ব্যাংক হিসাবের বিপরীতে সঞ্চয়ের পরিমাণ ছিল প্রায় ৩১ কোটি টাকা। ২০১২ সাল শেষে এক লাখ ৩২ হাজার ৫৩৭টি ব্যাংক হিসাবের বিপরীতে সঞ্চয়ের পরিমাণ দাঁড়ায় ৯৬ কোটি ৫১ লাখ টাকা। চলতি বছরের প্রথম তিন মাসে ব্যাংক হিসাব প্রায় ৫৫ হাজার বেড়ে দাঁড়িয়েছে এক লাখ ৮৭ হাজারে। এই সময়ে সঞ্চয় বেড়েছে প্রায় সাড়ে ১৭ কোটি টাকা। গতকাল শনিবার আয়োজিত ‘স্কুল ব্যাংকিং সম্মেলন ২০১৩’-এ এসব তথ্য জানানো হয়। বাংলাদেশ ব্যাংক ও বিভিন্ন তফসিলি ব্যাংক যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ একাডেমিতে (বিবিটিএ) আয়োজিত সম্মেলনে বিভিন্ন ব্যাংকের উচ্চপদস্থ কর্মকর্তারা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যাংক হিসাবধারী স্কুলশিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর সিতাংশু কুমার সুর চৌধুরীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গভর্নর আতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মুহম্মদ জাফর ইকবাল, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) ভাইস চেয়ারম্যান ও ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। বক্তব্য দেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক এস এম মনিরুজ্জামান এবং ব্যাংক হিসাবধারী চারজন শিক্ষার্থী, একাধিক অভিভাবক ও স্কুলশিক্ষক। অনুষ্ঠানে জানানো হয়, দেশে বর্তমানে প্রায় তিন কোটি স্কুলশিক্ষার্থী রয়েছে। তার মধ্যে ব্যাংকব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছে প্রায় দুই লাখ শিক্ষার্থী। তাই শিক্ষার্থীদের বড় একটি অংশ থেকে আমানত সংগ্রহের বিপুল সম্ভাবনা রয়েছে।গভর্নর বলেন, ব্যাংকগুলো যেখানে আমানত সংগ্রহে রীতিমতো প্রতিযোগিতা করছে, সেখানে বিপুলসংখ্যক শিক্ষার্থীর কাছ থেকে বড় অঙ্কের ‘স্থিতিশীল আমানত’ সংগ্রহ সম্ভব। ব্যাংকগুলো এই সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। ড. মুহম্মদ জাফর ইকবাল বলেন, শিশুরা নানা অনুষ্ঠানে নানাভাবে বড়দের কাছ থেকে টাকা পায়। সঞ্চয়-সুবিধার অভাবে সেসব টাকা নানাভাবে ব্যয় হয়। কিন্তু স্কুল ব্যাংকিংব্যবস্থা চালুর ফলে এই ব্যয় প্রবণতার বিপরীতে শিক্ষার্থীদের মাঝে সঞ্চয়ের প্রবণতা তৈরি হচ্ছে, যা ভবিষ্যতে দেশের অর্থনীতির ভালো ভিত তৈরি করবে। সম্মেলনে স্কুল ব্যাংকিং কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনাইটেড কর্মাশিয়াল, ডাচ্-বাংলা, ইস্টার্ন ও ইসলামী ব্যাংককে পুরস্কৃত করা হয়।