ছোট জাহাজে নয়, তেল খালাস হবে পাইপলাইনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের মহেশখালী থেকে উত্তর পতেঙ্গা পর্যন্ত প্রায় ২২০ কিলোমিটার দুটি পাইপলাইন টানা হবে। এ পাইপলাইনের মাধ্যমে বড় জাহাজ থেকে পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি তেল উত্তর পতেঙ্গার ইস্টার্ন রিফাইনারিতে আনা হবে। এ জন্য ৪ হাজার ৯৩৬ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ইনস্টলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডবল পাইপলাইন শিরোনামের প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, দেশের একমাত্র পেট্রোলিয়াম অয়েল রিফাইনারি প্রতিষ্ঠান ইস্টার্ন রিফাইনারির বার্ষিক অপরিশোধিত জ্বালানি তেল প্রক্রিয়াকরণের ক্ষমতা ১৫ লাখ টন। প্রকল্পটি বাস্তবায়িত হলে অপরিশোধিত তেল প্রক্রিয়াকরণ ক্ষমতা বেড়ে ৪৫ লাখ টন হবে। অন্যদিকে দেশের জ্বালানি চাহিদা পূরণের জন্য বছরে প্রায় ৩০ লাখ টন পরিশোধিত জ্বালানি তেল আমদানি করা হয়।
জানা গেছে, বর্তমানে বড় জাহাজ থেকে জ্বালানি তেল খালাস করতে ১১ দিন সময় লাগে। প্রকল্প বাস্তবায়ন হলে তা দুই দিনে নেমে আসবে। এ ছাড়া বড় জাহাজ থেকে ছোট জাহাজে পরিশোধিত ও অপরিশোধিত তেল রিফাইনারিতে আনার জন্য বাড়তি খরচ লাগবে না। একটি পাইপ দিয়ে শুধু অপরিশোধিত তেল এবং অপরটি দিয়ে পরিশোধিত তেল খালাস করা হবে।
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) পক্ষে ইস্টার্ন রিফাইনারি ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করবে। প্রকল্প সাহায্য হিসেবে ৩ হাজার ৯০৩ কোটি টাকা ঋণ দেবে চীনের এক্সিম ব্যাংক। পাইপলাইন দুটি কক্সবাজারের মহেশখালী, চট্টগ্রামের আনোয়ারা, পটিয়া হয়ে উত্তর পতেঙ্গা আসবে।
এ প্রকল্পটিসহ গতকালের একনেক সভায় মোট ৭ হাজার ২৭৬ কোটি ৩৬ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
গতকালের একনেক সভায় অনুমোদিত বেশ কিছু প্রকল্পের বাস্তবায়ন এলাকা পৌরসভার অন্তর্ভুক্ত রয়েছে। ৩০ ডিসেম্বর এসব পৌরসভায় নির্বাচন হতে যাচ্ছে। এ অবস্থায় এ প্রকল্পগুলোর অনুমোদন সম্পর্কে প্রশ্ন করা হলে একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, যে ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে, এর একটিও কোনো নির্দিষ্ট পৌরসভার জন্য নয়। এগুলো জাতীয় প্রকল্প। নির্বাচন একটি চলমান প্রক্রিয়া। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে। এ জন্য উন্নয়ন থেমে থাকতে পারে না। তাই নির্বাচনও হবে, উন্নয়নও চলবে। এ অনুমোদন প্রক্রিয়া নির্বাচনের আচরণবিধির সঙ্গে সাংঘর্ষিক নয়।