ছোট ঠিকাদারের বিলেও উৎসে কর বসল
ছোট কিংবা বড় যে অঙ্কের টাকার কাজই হোক না কেন, সব ধরনের ঠিকাদারের বিলের ওপর উৎসে কর কাটা হবে। এখন থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত যেকোনো বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে। গত ২১ জুন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। ১ জুলাই থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, এত দিন ২ লাখ টাকা পর্যন্ত ঠিকাদারের বিলে কোনো উৎসে কর কেটে রাখা হয়নি। আর ২ লাখের বেশি কিন্তু ৫ লাখের কম টাকার বিলের ওপর ১ শতাংশ এবং ৫ লাখ টাকার বেশি কিন্তু ১৫ লাখ টাকার কম হলে আড়াই শতাংশ হারে উৎসে কর কেটে রেখে ঠিকাদারকে বিল পরিশোধ করা হতো। এখন থেকে এই ধরনের বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর কেটে রাখা হবে। এর ফলে একদম ছোট ঠিকাদারেরা উৎসে করের আওতায় পড়বেন। উৎসে করের টাকা সমন্বয় করতে তাঁদের কর শনাক্তকরণ নম্বরের (টিআইএন) বিপরীতে আয়কর বিবরণী জমা দিতে হবে।
এ ছাড়া ১৫ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ৩ শতাংশ, ২৫ থেকে ১ কোটি টাকা পর্যন্ত ৪ শতাংশ, ১ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত ৫ শতাংশ, ৫ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ৬ শতাংশ এবং ১০ কোটি টাকার বেশি হলে ৭ শতাংশ হারে উৎসে কর কেটে রেখে ঠিকাদারকে বিল পরিশোধ করা হবে। অবশ্য এই হারগুলো আগেও একই ছিল।