প্রতিবছর বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) ছোট ছোট অনেক প্রকল্প নেওয়া হয়। এগুলোর জন্য বরাদ্দও থাকে। কিন্তু বছর শেষেও বরাদ্দকৃত অর্থ খরচ হয় না। বছরের পর বছর একই প্রকল্প এডিপিতে থেকে যায়। আবার অনেক প্রকল্পে কাজ না করেই কিংবা নামেমাত্র কাজ সম্পন্ন করে অর্থ উঠিয়ে নিয়ে যান ঠিকাদারেরা। পরিকল্পনা কমিশন কিংবা সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ কোনো ব্যবস্থাও নেয় না। অবশ্য যেসব প্রকল্পের অর্থ খরচ করা সম্ভব হয় না, সেসব প্রকল্পের অর্থ ফেরত যায়। মেয়াদ বাড়িয়ে পরের বছর আবারও বরাদ্দ দেওয়া হয়।প্রতিবছরের মতো চলতি বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে এমন ৮৭টি প্রকল্পের খোঁজ পাওয়া গেছে। এগুলোতে বরাদ্দের বিপরীতে এক টাকাও খরচ হয়নি। এমনকি প্রকল্পের কাজের জন্য দরপত্রও আহ্বান করা হয়নি বলে পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে। চলতি অর্থবছরের প্রথম ১০ মাস বা জুলাই-এপ্রিল সময়কালে এ চিত্র পাওয়া গেছে। পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, ৮৭টি প্রকল্পের মধ্যে ৭১টির বরাদ্দ এক কোটি টাকার কম। আর বাকিগুলোর বরাদ্দ চার-পাঁচ কোটি টাকার মধ্যে সীমাবদ্ধ। কম বরাদ্দের এসব প্রকল্প মূলত সড়ক মেরামত, রক্ষণাবেক্ষণ ও উন্নয়নের জন্য নেওয়া হয়। এসব প্রকল্পে এখন বছরের শেষ দিকে ঠিকাদার দ্রুত নিয়োগ করার তাগিদ দেওয়া হয়েছে। তবে অন্য বছরের মতো কাজ না করেই কিংবা নামেমাত্র কাজ করে ঠিকাদারদের অর্থ তুলে নেওয়ার ঝুঁকি রয়েছে বলে পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান। মূলত রাজনৈতিকভাবে প্রভাবশালী ঠিকাদারেরাই এসব কাজ পান বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া এমন কিছু প্রকল্প রয়েছে, যাতে এতই কম বরাদ্দ থাকে যে কাজ করার সুযোগ থাকে না। আর ঠিকাদারও আগ্রহ দেখান না। এমন একটি প্রকল্প হলো বনানী-টঙ্গী-জয়দেবপুর রাস্তা আট লেনে উন্নীত করা। এ প্রকল্পের জন্য এ বছর বরাদ্দ রয়েছে মাত্র এক লাখ টাকা। এ প্রকল্পের কাজ শুরু করাই সম্ভব হয়নি। পটিয়া-বাঁশখালী-চকরিয়া আঞ্চলিক মহাসড়কের উন্নয়নের জন্যও বরাদ্দ মাত্র এক লাখ টাকা। অথচ উন্নয়নের কাজই হয়নি। আবার দুয়েসদর, কলমাকান্দা, জারিয়া ও সোমেশ্বরী—এই চারটি সেতু নির্মাণের জন্য এ বছর বরাদ্দ দেওয়া হয়েছে মাত্র এক লাখ টাকা। পরিকল্পনা কমিশনের কর্মকর্তারা জানান, এ ধরনের প্রকল্পে সাধারণত কাজ না করেই অর্থ তুলে নেওয়া হয়। আর কম বরাদ্দ থাকে বলে তা নজরেও আসে না। আর বেশ কিছু প্রকল্প বিভিন্ন সরকারি অফিসে দক্ষতা বৃদ্ধি, সমীক্ষাসংক্রান্ত। এসব প্রকল্পের দৃশ্যত পরিবর্তন লক্ষ করা যায় না বলে প্রকৃত অর্থ খরচ হয়েছে কি না, তার মানও নিশ্চিত করা যায় না। এক কোটি টাকার ওপরে বরাদ্দ রয়েছে, কিন্তু এক টাকাও খরচ হয়নি এমন ১৬টি প্রকল্প রয়েছে। প্রকল্পগুলোর মধ্যে অন্যতম হলো—৬০ কোটি টাকার চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্প, ১৫ কোটি টাকার তৃতীয় কর্ণফুলী সেতুর অ্যাপ্রোচ রোড (বহদ্দারহাট পর্যন্ত) চার লেনে উন্নীতকরণ প্রকল্প, ২০ কোটি টাকার সাঙ্গু নদের ওপর রুমা সেতু নির্মাণ প্রকল্প, ২৫ কোটি টাকা বিরুলিয়া-আশুলিয়া সড়ক নির্মাণ প্রকল্প।