ছোট মাছ হয়ে লড়ছি শার্কের সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>বিদায়ী ২০১৯–এর শুরুটা ভালো ছিল, শেষটা তেমন ভালো হলো না। শুরুতে ছিল অনেক প্রতিশ্রুতি, শেষটা ছিল অনেক ক্ষেত্রেই আশাভঙ্গের। কারণ, চাপের মুখে আছে অর্থনীতি। অর্থনীতির সঙ্গে যাঁরা নানাভাবে সম্পর্কিত, তাঁরা কীভাবে দেখছেন দেশের অর্থনৈতিক পরিস্থিতিকে। কেমন গেল বিদায়ী বছরটি। অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের বর্তমান চ্যালেঞ্জগুলো কী কী। তাহলে নতুন বছরে যাচ্ছি কী নিয়ে, প্রত্যাশাগুলো কী। ঠিক এই প্রশ্নগুলোই রাখা হয়েছিল দেশের বিশিষ্ট কয়েকজন অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে। তাঁরা অর্থনীতির মূল্যায়ন যেমন করেছেন, তেমনি বলেছেন কী তাঁরা চান, কীভাবে ঘুরে দাঁড়াতে পারবে অর্থনীতি।
শামীম আহসান
শামীম আহসান

কেমন গেল
২০১৯ সালে যদি তথ্যপ্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলোর দিকে তাকাই তবে মিশ্র অর্জন দেখতে পাব। বিকাশ, সহজের মতো প্রতিষ্ঠানে এ বছর বিদেশি বিনিয়োগ এসেছে। তবে দেশের ছোট ছোট অন্য উদ্যোগগুলোতে আশানুরূপ বিদেশি বিনিয়োগ আসেনি। বিদেশ থেকে বিনিয়োগ পেতে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানগুলোকে সংগ্রাম করতে হচ্ছে। পাঠাও এর উদাহরণ হতে পারে। একটি স্তরের পরে তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে এ বছর বড় বিনিয়োগ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। ২০১৯ সালকে তাই ধনী-দরিদ্রের বৈষম্য বাড়ার মতোই বিদেশি ও দেশি কোম্পানির মার্কেট শেয়ার বৈষম্য তৈরির বছর বলা যেতে পারে। ২০১৯ সালে ই-কমার্সে ২০০ শতাংশ, ফুড ডেলিভারি ৩০০ শতাংশ আর রাইড শেয়ারে ৪০০ মার্কেট শেয়ার বেড়েছে। কিন্তু এসব মার্কেট শেয়ারের কিছুটা বিদেশি কোম্পানির হাতে চলে গেছে। উদাহরণ—উবার । আমাদের প্রতিযোগিতা আইন শক্ত করা জরুরি হয়ে পড়েছে। দেশে সফটওয়্যার খাতে কোম্পানির সংখ্যা বেড়েছে। এ খাতে বছরে ২৫ শতাংশ প্রবৃদ্ধি হচ্ছে। আমাদের স্থানীয় বাজার বড় হচ্ছে। রপ্তানিও বাড়ছে। তবে দুশ্চিন্তার কথা হলো বড় আকারের কোম্পানি তৈরি হচ্ছে কম। হার্ডওয়্যার খাতে ওয়ালটনের মতো বড় কিছু সাফল্য আছে। তবে আমাদের ইকোসিস্টেম শক্তিশালী করলে আরও ১০০ ওয়ালটন তৈরি হতে পারে। 

চ্যালেঞ্জ
আমাদের এখনকার চ্যালেঞ্জ হচ্ছে যুগোপযোগী শিক্ষা ও দক্ষ কর্মসংস্থান সৃষ্টি। পাশের দেশ ভারত ও শ্রীলঙ্কায় শিক্ষাব্যবস্থা বিশ্বমানের হলেও আমরা নিম্নমুখী হচ্ছি। আমাদের কোম্পানিগুলো ভালো কর্মী পাচ্ছে না। দক্ষ কর্মীর শূন্যতা বড় প্রভাব ফেলছে।

প্রত্যাশা
২০২০ সালের প্রত্যাশা হিসেবে স্থানীয় ব্র্যান্ডকে শক্তিশালী করার কথা বলতে চাই। আইটিতে চতুর্থ শিল্পবিপ্লবের সঙ্গে টিকতে ইন্ডাস্ট্রি পলিসি গঠনের প্রত্যাশা থাকবে। এআই, বিগডেটা এবং ব্লক চেইন পলিসি করতে হবে। আগামী এক দশকে যদি এ তিনটি খাতে বিশ্বের শীর্ষ ১০টা দেশে আসতে চায়, তবে মাস্টার প্ল্যান করা দরকার। চতুর্থ শিল্পবিপ্লব আমরা মিস করতে চাই না। সফটওয়্যার কোম্পানি যাতে আন্তর্জাতিক মানে যেতে পারে, তাতে বাংলাদেশ ব্যাংককেও এগিয়ে আসতে হবে। বিদেশি কোম্পানিগুলো মার্কেট দখল করছে। কিন্তু আমাদের হাত বেঁধে সমুদ্রে নামিয়ে দেওয়া হয়। আমরা খুব ছোট মাছ হয়ে সমুদ্রের শার্কের সঙ্গে প্রতিযোগিতায় নামছি। আমাদের এ খাতে বড় হওয়ার বাধা দূর করতে হবে। বছরে আমাদের এখন তথ্যপ্রযুক্তি ৫০ মিলিয়ন ডলার বিনিয়োগ আসে না। অথচ একসময় আমাদের সমকক্ষ ইন্দোনেশিয়া, ভিয়েতনামে বিলিয়ন ডলারের বিনিয়োগ আসছে। তাদের টপকে যেতে আমাদের ভেঞ্চার ক্যাপিটাল খাতে সরকারের সহযোগিতা প্রয়োজন হবে। আমাদের গবেষণা ও উন্নয়নে উদ্ভাবনী তহবিল তৈরি করে এগোতে হবে। বড় প্রতিষ্ঠানে মোট বাজেটের ১০ শতাংশ গবেষণায় বিনিয়োগ করা হয়। আমাদের দেশে এ ক্ষেত্রে বিনিয়োগ থাকে সামান্যই। অ্যাপল গুগলের মতো বড় প্রতিষ্ঠান তৈরি করতে হলে আগামী বছরে একেবারে বেসিক বিষয়গুলোর দিকে মনোযোগ দেওয়ার প্রত্যাশা থাকবে।

শামীম আহসান ,সাবেক সভাপতি
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)