ছয় দিন পর মূল্যসূচক বেড়েছে ডিএসইতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা ছয় কার্যদিবস দরপতনের পর গতকাল সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মূল্যসূচক সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সূচক। তবে দেশের দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন আগের দিনের তুলনায় গতকাল কমে গেছে। গতকাল দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে চার হাজার ৮৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। অর্থাৎ মূল্যসূচক পাঁচ হাজার পয়েন্টের নিচেই রয়ে গেছে।মূল্যসূচক বৃদ্ধির মধ্য দিয়ে গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক নয় পয়েন্ট বেড়ে যায়। এরপর ১৫ মিনিটে সূচক কমে যায় ৩০ পয়েন্টের মতো। অবশ্য তারপর বাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দেয়। একপর্যায়ে বেলা পৌনে দুইটায় মূল্যসূচক ৫৩ পয়েন্ট বাড়ে। এরপর আবার সূচক কমে যায়। শেষ পর্যন্ত দিন শেষে মূল্যসূচক আগের দিনের চেয়ে ৩ দশমিক ১৪ পয়েন্ট বাড়ে।ডিএসইতে গতকাল ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টিরই দাম বেড়েছে। কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের দাম। তবে স্টক এক্সচেঞ্জটিতে গতকাল মোট লেনদেন আবারও ২০০ কোটি টাকার নিচে নেমে গেছে। গতকাল ১৯৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে সাত কোটি টাকা কম।অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট কমে ১৩ হাজার ৮৬১ দশমিক ১৯ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দাম বেড়েছে, কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল ২৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে চার কোটি টাকা কম।