ছয় দিন পর শেয়ারবাজার নিম্নমুখী
টানা ছয় কর্মদিবস সূচক ঊর্ধ্বমুখী থাকার পর আজ বৃহস্পতিবার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে দেশের শেয়ারবাজারের লেনদেন। দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে। পাশাপাশি কমেছে সূচক। একই সঙ্গে লেনদেনও কমেছে দুই বাজারে।
আজকের নিম্নমুখী প্রবণতাকে স্বাভাবিক মূল্য সংশোধন হিসেবে দেখছেন বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলছেন, টানা ঊর্ধ্বমুখী প্রবণতার কারণে আজ অনেকের মধ্যে মুনাফা তুলে নেওয়ার প্রবণতা লক্ষ করা যায়, যা মূল্য সংশোধনের পেছনে অন্যতম ভূমিকা রাখে।
ডিএসইতে সূচক কমেছে ৪৩ পয়েন্ট
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ডিএসইএক্স সূচক ৪৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪,৩৯৫ পয়েন্টে। সকাল সাড়ে ১০টায় সূচকের নিম্নমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়, যা শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে আজ ২৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৫টির দাম কমেছে, বেড়েছে ৯১টির আর অপরিবর্তিত রয়েছে ২০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
ডিএসইতে আজ ৭২৮ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৬১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৮৮৯ কোটি টাকা লেনদেন হয়।
সিএসইর সূচক কমেছে ১৪০ পয়েন্ট
ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ১৪০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬০৫ পয়েন্টে।
সিএসইতে আজ ২২৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড হাতবদল হয়েছে। এর মধ্যে ১৪৭টির দাম কমেছে, বেড়েছে ৬৬টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।
সিএসইতে আজ ৮৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
লেনদেনে শীর্ষ ১০ কোম্পানি
ডিএসইতে আজ লেনদেনে শীর্ষে ছিল বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন। আজ এই প্রতিষ্ঠানের ৩৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া আরএন স্পিনিং, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, বেক্সিমকো, মেঘনা পেট্রোলিয়াম, বেঙ্গল উইন্ডসর, প্যারামাউন্ট টেক্সটাইল, মালেক স্পিনিং, যমুনা অয়েল প্রভৃতি লেনদেনের শীর্ষে উঠে আসে।