ছয় দিন পর সূচক বেড়েছে ডিএসইতে
টানা ছয় দিন দরপতনের পর আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক সামান্য বেড়েছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে সূচক। তবে দুই স্টক এক্সচেঞ্জেই লেনদেন গতকাল রোববারের চেয়ে কমেছে।ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, আজ দিন শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৩.১৪ পয়েন্ট বেড়ে ৪,৮৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সূচক বৃদ্ধির মধ্য দিয়ে আজ ডিএসইতে লেনদেন শুরু হয়। পাঁচ মিনিটের মাথায় সূচক নয় পয়েন্ট বেড়ে যায়। আর ১৫ মিনিটে সূচক কমে ৩০ পয়েন্টের মতো। এরপর সূচকের তীর ঊর্ধ্বমুখী হয়ে বেলা একটা ৪৫ মিনিটে সূচক ৫৩ পয়েন্ট বেড়েছিল। এরপর আবার সূচক কমে যায়।ডিএসইতে আজ ২৫৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬৯টিরই দাম বেড়েছে। কমেছে ৬৫টির আর অপরিবর্তিত রয়েছে ২২টি প্রতিষ্ঠানের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৯৭ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে সাত কোটি টাকা কম।লেনদেন শেষে ডিএসইতে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—যমুনা অয়েল, বেক্সিমকো, ফুওয়াং সিরামিকস, ইউনাইটেড এয়ার, উত্তরা ব্যাংক, এনবিএল, গ্রামীণফোন, ইউসিবিএল, তিতাস গ্যাস ও আফতাব অটো।অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ১৭.০৫ পয়েন্ট কমে ১৩,৮৬১.১৯ পয়েন্টে দাঁড়ায়। সিএসইতে লেনদেন হওয়া ১৭০টি প্রতিষ্ঠানের মধ্যে ৮৮টির দাম বেড়েছে। কমেছে ৬৮টির আর অপরিবর্তিত রয়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জটিতে আজ ২৪ কোটি টাকা লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে চার কোটি টাকা কম।