ছয় প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা করেছে বিএসইসি
সিকিউরিটিজ আইন লঙ্ঘনের দায়ে ছয় প্রতিষ্ঠানকে ২৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
সভা শেষে বিএসইসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, প্রতিষ্ঠানগুলোর মধ্যে তিনটি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্যভুক্ত ব্রোকারেজ হাউস, দুটি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য ও অপরটি হলো তালিকাভুক্ত কোম্পানি ডেলটা স্পিনার্স। এর মধ্যে ডিএসইর তিন প্রতিষ্ঠানকে মোট ১১ লাখ, সিএসইর দুই প্রতিষ্ঠানকে দুই লাখ ও ডেলটা স্পিনার্সকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
ডিএসইর ব্রোকারেজ হাউসগুলো হলো ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেস, তামহা সিকিউরিটিজ ও আজম সিকিউরিটিজ। এর মধ্যে ডিএমআর সিকিউরিটিজ সার্ভিসেসকে পৃথক তিনটি অপরাধে এক লাখ টাকা করে মোট তিন লাখ এবং তামহা সিকিউরিটিজকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। আর আজম সিকিউরিটিজকে এককভাবে সাত লাখ টাকা জরিমানা করা হয়েছে। সব মিলিয়ে ডিএসইর এই তিন ব্রোকারেজ হাউসকে মোট ১১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসইসি জানিয়েছে, চলতি বছরের ১৪ মে প্রাইম টেক্সটাইল, সোনারগাঁও টেক্সটাইল, অগ্নি সিস্টেম ও দেশবন্ধুর শেয়ার না থাকার পরও শেয়ার বিক্রি বা শর্টসেল করেছে ডিএমআর সিকিউরিটিজ। আর তামহা সিকিউরিটিজ গত ১২ মে শাহজালাল ইসলামী ব্যাংকের ১০ হাজার শেয়ার শর্টসেল করেছে। এ ছাড়া আজম সিকিউরিটিজ আইনি নিষেধাজ্ঞা সত্ত্বেও ঋণবহির্ভূত শেয়ার ও পরিচালকদের ঋণসুবিধা দিয়েছে।
সিএসইর সদস্য পাইওনিয়ার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ ও বে রিচকে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে পাইওনিয়ার শেয়ারস অ্যান্ড সিকিউরিটিজ চলতি বছরের ২২ মে তালিকাভুক্ত কোম্পানি ফাস ফিন্যান্সের আড়াই হাজার শেয়ার শর্টসেলের মাধ্যমে আইন ভঙ্গ করেছে। আর বে রিচ নামের প্রতিষ্ঠানটি গ্রাহকের কাছ থেকে পাঁচ লাখ টাকা বেশি নগদ অর্থ গ্রহণ করে সিকিউরিটিজ আইন ভঙ্গ করেছে বলে বিএসইসি জানায়।
এ ছাড়া তালিকাভুক্ত কোম্পানি ডেলটা স্পিনার্সের বিগত কয়েক বছরের আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশের অপরাধে কোম্পানিটিকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়। কোম্পানিটি তাদের ২০০৭ সাল থেকে ২০১২ সালের আর্থিক প্রতিবেদনে ভুল তথ্য প্রকাশ করেছে বলে বিএসইসি জানিয়েছে।