পাঁচ মাসের খতিয়ান নিয়ে পরিকল্পনামন্ত্রী বললেন, দায়ী এবারের অতিবৃষ্টি
ছয় বছরে সর্বনিম্ন এডিপি বাস্তবায়ন
চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) মাত্র ১৭ শতাংশ বাস্তবায়ন করা সম্ভব হয়েছে, যা বিগত ছয় বছরের একই সময়ের তুলনায় সর্বনিম্ন। এর আগের ছয় বছরে কোনোবারই জুলাই-নভেম্বর সময়ে ১৯ শতাংশের কম এডিপি বাস্তবায়িত হয়নি।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সূত্রে এসব তথ্য জানা গেছে। গতকাল বুধবার পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এডিপি হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।
চলতি অর্থবছরে এডিপি বাস্তবায়ন না হওয়ার পেছনে অতিবৃষ্টিকেই দায়ী করেছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, ‘চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) তিন মাসে টানা দুই দিন রোদ পাওয়া যায়নি। সে জন্য প্রকল্পের কাজ করা যায়নি। টানা তিন-চার দিন যদি রোদ না পাওয়া যায়, তবে রাস্তায় বিটুমিন লাগবে কীভাবে?’ তিনি আশা প্রকাশ করেন, জানুয়ারি মাসের মধ্যে এডিপি বাস্তবায়ন প্রবাহ স্বাভাবিক হয়ে যাবে।
আইএমইডি সূত্রে জানা গেছে, গত অর্থবছরের প্রথম পাঁচ মাসে ২০ শতাংশ এডিপি বাস্তবায়ন হয়েছিল। একই সময়ের হিসাবে, ২০১৩-১৪ অর্থবছরে ১৯ শতাংশ, ২০১২-১৩ অর্থবছরে ২৫ শতাংশ এবং ২০১১-১২ ও ২০১০-১১ অর্থবছরে ২০ শতাংশ করে এডিপি বাস্তবায়ন হয়েছিল
চলতি অর্থবছরে পরিকল্পনা কমিশনের আওতাধীন ৯৭ হাজার কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। এ ছাড়া স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন ব্যয়সহ সব মিলিয়ে ১ লাখ ৯৯৭ কোটি টাকার এডিপি বাস্তবায়ন করা হবে। এর মধ্যে স্থানীয় উৎস থেকে সাড়ে ৬২ হাজার কোটি টাকা এবং বিদেশি সহায়তা হিসেবে সাড়ে ৩৪ হাজার কোটি টাকা পাওয়া যাবে। আর বাস্তবায়নকারী সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে দেবে ৩ হাজার ৯৯৭ কোটি টাকা।
বাস্তবায়ন হার কমলেও টাকার অঙ্কে আগেরবারের চেয়ে চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে বেশি অর্থ খরচ হয়েছে। আইএমইডির সর্বশেষ হিসাবে দেখা গেছে, জুলাই-নভেম্বর সময়ে চলতি এডিপির ১৬ হাজার ৯৫৭ কোটি টাকা খরচ হয়েছে। গত বছর একই সময়ে ১৬ হাজার ৮৪৩ কোটি টাকা খরচ হয়েছিল।
প্রথম পাঁচ মাসের হিসাবে, বরাদ্দের ১০ শতাংশের কম অর্থ খরচ করতে পেরেছে ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। এগুলো হলো অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয়, নির্বাচন কমিশন সচিবালয়, খাদ্য মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, অর্থ বিভাগ, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ, ভূমি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং লেজিসলেটিভ ও সংসদ-বিষয়ক বিভাগ।
তবে বিদেশি সহায়তা ব্যবহার আগের চেয়ে কিছুটা কমেছে। এ বছর যে পরিমাণ বিদেশি সহায়তা বরাদ্দ রয়েছে, পাঁচ মাসে এর মধ্যে মাত্র ১৪ শতাংশ বা ৪ হাজার ৬৮৪ কোটি টাকা খরচ করা সম্ভব হয়েছে। আগের দুবার একই সময়ে বিদেশি সহায়তা বরাদ্দের ২১ ও ১৭ শতাংশ খরচ হয়েছিল।
প্রসঙ্গ মধ্যম আয়ের দেশ: সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হবে। এটি বিশ্বব্যাংকের হিসাব অনুসারে হবে। ইতিমধ্যে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।
কিন্তু বিশ্বব্যাংকের হিসাবে মধ্যম আয়ের দেশের কোনো ক্যাটাগরি নেই। নিম্ন, নিম্ন মধ্যম, উচ্চ মধ্যম এবং উচ্চ আয়ের দেশ—এ চারটি ক্যাটাগরি রয়েছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে পরিকল্পনামন্ত্রী বলেন, পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) নিজস্ব মূল্যায়নে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশে উন্নীত হবে বাংলাদেশ।